তালেবানের হাত থেকে মুক্ত হয়ে দেশে দুই ফরাসি সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবানের হাতে বন্দী দুই ফরাসি সাংবাদিক মুক্ত হয়ে গতকাল বৃহস্পতিবার নিজ দেশে ফিরে গেছেন। সাংবাদিক হার্ভ গেসকুঁয়ে ও আলোকচিত্রী স্তেপান তাপোনিঁয়ে দেড় বছর তালেবানের হাতে বন্দী ছিলেন।৪৮ বছর বয়সী এই সাংবাদিকেরা জানান, তালেবান সদস্যরা তাঁদের ওপর কখনো নির্যাতন চালায়নি। তবে তাঁরা কীভাবে মুক্তি পেলেন, এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে সেনাবাহিনীর একটি বিমানঘাঁটিতে গতকাল দুই সাংবাদিক অবতরণ করেন। এ সময় প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে তাঁরা হাত মেলান। উপস্থিত স্বজনেরা তাঁদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশে ফেরার পর ফ্রান্স থ্রি টেলিভিশনকে তাপোনিঁয়ে বলেন, ‘আমি স্বাধীনতার কাঙাল, ভালোবাসার কাঙাল...।’ দীর্ঘদিন বন্দী থাকলেও দুই সাংবাদিককে স্বাস্থ্যবান ও নিরুদ্বেগ দেখাচ্ছিল। বিমানঘাঁটিতে সাংবাদিকদের তাঁরা জানান, তাঁদের আটকে রাখা তালেবান সদস্যরা কখনো নির্যাতন চালায়নি। তবে আফগান পাহাড়ি খাবার তাঁদের ভালো লাগেনি। বেতারের অনুষ্ঠান শুনে ও ব্যায়াম করে সময় কাটাতেন তাঁরা। ২০০৯ সালের ৩০ ডিসেম্বর তাঁদের তালেবান সদস্যরা অপহরণের পর বন্দী করে। এএফপি।