তালেবানের হামলা পাকিস্তানে ২০ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল রোববার এক বোমা হামলায় ২০ সেনা নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার বান্নু শহরের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে সেনাবাহিনীর একটি যানে বিস্ফোরণটি ঘটানো হয়। গাড়িটি ছিল একটি বহরের অংশ। গাড়িটি উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের রাজমাক শহর ছেড়ে যাওয়ার প্রাক্কালে ওই হামলা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
টিটিপির মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বলেন, ধর্মনিরপেক্ষ ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তাঁরা ওই হামলা চালিয়েছেন। তিনি আরও বলেন, সেনাবাহিনী তালেবানের শত্রু। তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও হামলা করা হবে।
পাকিস্তানের তালেবান বিদ্রোহীরা সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই অব্যাহত রেখেছে। তারা নিরাপত্তা বাহিনী ও সরকারকে লক্ষ্যবস্তু করে শত শত হামলা চালিয়েছে। বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলার প্রবণতা বেশি। বান্নু এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর আগেও বেশ কয়েকটি হামলা হয়েছে। এএফপি ও বিবিসি।