তালেবানের হামলার পর কাবুলে সর্বোচ্চ সতর্কতা
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত সোমবারের জঙ্গি হামলার পর গতকাল মঙ্গলবার সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সোমবার তালেবান জঙ্গিরা রাজধানীর কেন্দ্রস্থলে সমন্বিত হামলা চালানোর পর তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রাণ হারায় কমপক্ষে নয়জন।রাজধানীর সুরক্ষিত কেন্দ্রস্থলে জঙ্গিরা কীভাবে হামলা চালাতে সক্ষম হলো—এ নিয়ে সম্ভবত প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছে আফগান কর্তৃপক্ষ। যদিও রাজধানীকে রক্ষায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ন্যাটোর প্রধান।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামারি বাশারি বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা সব সময় কঠোর। আমরা সব সময় সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকি। কালও থাকব এবং তার পরও সেটা অব্যাহত থাকবে।’গত সোমবার ভারী অস্ত্রে সজ্জিত তালেবান জঙ্গিরা প্রেসিডেন্টের প্রাসাদের কাছে বেশ কয়েকটি ভবনে সমন্বিত হামলা চালায়। ওই সময় কয়েকটি আত্মঘাতী হামলাও চালানো হয়। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, দুটি শিশুকে জিম্মি করেছিল তালেবান জঙ্গিরা। কিন্তু আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়।২০০৯ সালের ফেব্রুয়ারিতে কাবুলের কয়েকটি সরকারি ভবনে হামলার পর গত সোমবার কাবুলে সবচেয়ে বড় হামলা চালায় তালেবান জঙ্গিরা। ২০০৯ সালের ওই হামলায় নিহত হয়েছিল ২৬ জন।সোমবারের হামলার পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, আফগান জনগণের শত্রুরা সোমবার হামলা চালিয়েছে। এ কারণে জনগণের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তালেবানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় একটি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট কারজাই।সোমবারের আতঙ্কজনক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। স্থানীয় মুদির দোকানি ইসমাইল বলেন, ‘শরীরে কম্বল মোড়ানো চার ব্যক্তিকে আমি আসতে দেখলাম। নিরাপত্তাপ্রহরীরা তখন তাঁদের দিকে এগিয়ে গিয়ে বললেন, তোমরা এখানে কী করছ? তখন তাঁদের একজন কম্বল খুলে তাঁর শরীরে বাঁধা বিস্ফোরক বেল্ট দেখিয়ে বললেন, পথ থেকে সরে দাঁড়াও, নতুবা তোমরা মারা পড়বে।’ এএফপি ও হিন্দুস্তান টাইমস।