তালেবানের হামলায় পাকিস্তানে ৭৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আপারদির জেলার সালতালু তল্লাশিচৌকিতে তালেবান জঙ্গিদের হামলায় ছয় বেসামরিক ব্যক্তি, নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য ও ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে। সীমান্ত অতিক্রম করে আফগানিস্তান থেকে আসা কয়েক শ সশস্ত্র জঙ্গি এ হামলায় অংশ নেয়। চৌকির নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গত বুধবার ভোর থেকে শুরু হওয়া এ লড়াই টানা ২৪ ঘণ্টা স্থায়ী হয়। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।স্থানীয় পুলিশপ্রধান জামিল-উর-রেহমান জানান, সীমান্ত পার হয়ে প্রায় পাঁচ শ জঙ্গি বুধবার ভোরে চৌকিটিতে হামলা চালায়। এদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশেরই জঙ্গিই ছিল। পুলিশপ্রধান আরও জানান, সীমান্ত থেকে ছয় কিলোমিটার দূরে ওই তল্লাশি চৌকি অবস্থিত জঙ্গিদের ছোড়া মর্টারের গোলায় পার্শ্ববর্তী ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এপি।