পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকাণ্ডে উল্লসিত ব্যক্তিদের নিন্দা করেছেন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। গত সোমবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনে তাসিরের স্মরণে এক শোকসভায় তিনি বলেন, তাসিরের হত্যাকাণ্ডের সমর্থকেরাই ধর্মের প্রকৃত অবমাননাকারী। গত ৪ জানুয়ারি ইসলামাবাদে একটি কফির দোকানের বাইরে নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন তাসির। ব্লাসফেমি আইনের সমর্থক পাকিস্তানের রক্ষণশীল দলগুলোর অনেক সদস্য এই নেতার মৃত্যুতে সন্তোষ প্রকাশ করেন। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ছিলেন সালমান তাসির। বিলাওয়াল ভুট্টো এই দলের কো-চেয়ারম্যান।তাসিরের মৃত্যুতে সমবেদনা জানাতে আসা ব্যক্তিদের সমাবেশে বিলাওয়াল হত্যাকাণ্ডের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কারণে বিশ্বের সামনে ইসলামের বার্তা আজ বিকৃত।’ তিনি বলেন, ‘যাঁরা আমার ধর্মের ওপর হামলা চালাচ্ছেন, বিশেষ করে যাঁরা এর শান্তিপূর্ণ বাণীকে কলুষিত করছেন, আমার কাছে আপনারা ছদ্মবেশী ধর্মের অবমাননাকারী। অপনারা পরাজিত হবেন। এটি হবে আমাদের জিহাদ।’বিলাওয়াল খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ তাঁর দেশের সংখ্যালঘু লোকদের রক্ষা করার অঙ্গীকার করেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের রক্ষা করব। অপরাধ না করার পরও যারা আপনাদের ক্ষতি করতে চায়, তাদের সঙ্গে আমার প্রথম মোকাবিলা হবে।’ বিদ্যুতের দাবিতে বিক্ষোভে গুলি: পাকিস্তানের পেশোয়ারে গতকাল বিদ্যুতের দাবিতে বের হওয়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে পুলিশ। এতে একজন নিহত ও ১৪ জন আহত হয়। পুলিশ জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের গ্যারিসন শহর বান্নুতে প্রায় ৫০০ বিক্ষোভকারী বিদ্যুতের দাবিতে একটি ব্যস্ত সড়ক সমাবেশ করে। এ সময় তারা তিন ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এএফপি।