তাসিরের মৃত্যুতে সমবেদনা জানালে একই পরিণতি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের জানাজা গতকাল বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাহোরে অনুষ্ঠিত হয়েছে। একদল কট্টর মুসলিম আলেম হুঁশিয়ার করেছেন, তাসিরের হত্যাকাণ্ডের ঘটনায় কেউ সমবেদনা জানালে তাঁরও একই পরিণতি হতে পারে। তাসির নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।গত মঙ্গলবার ইসলামাবাদে দেহরক্ষীর গুলিতে নিহত হন সালমান তাসির। ব্লাসফেমি আইনের বিরোধিতা করায় সালমান তাসিরের ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর এক দেহরক্ষী এই হত্যাকাণ্ড ঘটান।এই আইনের আওতায় ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক খ্রিষ্টান নারীকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানানোয় ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ এই সদস্যের প্রতি ক্ষুব্ধ ছিলেন কট্টর ইসলামপন্থীরা।সাদা কাপড়ে ঢাকা তাসিরের মরদেহ গতকাল লাহোরের গভর্নর ভবনে নেওয়া হলে পরিবারের সদস্য ও বন্ধুরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। তাঁর শেষকৃত্য উপলক্ষে লাহোর ও পাঞ্জাবে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয় বলে লাহোরের কমিশনার খসরু পারভেজ জানান।এদিকে একদল আলেম তাসিরের জানাজা বর্জন করতে মুসলমানদের প্রতি আহ্বান জানান। ৫০০ জনের বেশি আলেম হুঁশিয়ার করেন, তাসিরের হত্যাকাণ্ডের ঘটনায় কেউ শোক প্রকাশ করলে বা সমবেদনা জানালে তিনিও একই পরিণতি বরণ করতে পারেন।জামাত-ই-আহল-ই সুন্নাত পাকিস্তান নামের আলেমদের সংগঠনের বিবৃতিতে বলা হয়, জামাত-ই-আহল-ই-সুন্নাতের ৫০০ জনেরও বেশি আলেম পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের জানাজায় অংশ না নিতে মুসলমানদের পরামর্শ দিচ্ছে।ইসলামাবাদের কোহসার মার্কেটে তাসিরকে গুলি করার পর তাঁর দেহরক্ষী মালিক মুমতাজ হুসেইন কাদরিকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, কাদরি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, তাসিরের লাশে ২৯টি বুলেটের চিহ্ন ছিল। এ ব্যাপারে গভর্নরের নিরাপত্তা দলের অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সংবাদ সম্মেলনে বলেন, এটা একক ব্যক্তির কাজ, না এর পেছনে অন্য কোনো সংগঠন জড়িত, এ ব্যাপারে তদন্ত চলছে। তিনি বলেন, ‘দায়িত্ব পালনের তালিকায় তাঁর নাম কে তুলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করতে তিনি একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন।’দুনিয়া টেলিভিশনে কাদরির একটি মন্তব্য প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, ‘সালমান তাসির একজন ধর্ম অবমাননাকারী। তাঁর শাস্তি এটাই।’কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সন্দেহভাজন পুলিশ সুপারভাইজার ও তাঁর ডেপুটিও রয়েছেন। সালমান তাসিরের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন বিশ্ব নেতারা। তাঁর মৃত্যুকে বিরাট ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। বিবিসি, এএফপি, ডন, টাইমস অব ইন্ডিয়া।