তাহরির স্কয়ারে আবার হাজার হাজার জনতা
মিসরে হোসনি মোবারকবিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দু কায়রোর তাহরির স্কয়ার আবার হাজার হাজার জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর তাহরির স্কয়ারে ঘাঁটি গেড়ে বসা অনেক বিক্ষোভকারী স্বেচ্ছায় ঘরে যায়। যারা স্বেচ্ছায় যায়নি, তাদের সবাইকে সেখান থেকে জোর করে সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। সেনা কর্তৃপক্ষ বলেছে, স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে তাদের সরানো হয়েছে। তবে তাদের সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই আবার হাজার হাজার জনতা সেখানে জমায়েত হয়। তারা বলছে, সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনো মোবারকের অনুগত ব্যক্তিরা রয়েছেন। তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালাতে চান।গত রোববার সেনা কর্তৃপক্ষ পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করার ঘোষণা দিলে স্বেচ্ছায় তাহরির স্কয়ার ছেড়ে ঘরে ফেরে হাজার হাজার আন্দোলনকারী। ঊর্ধ্বতন সামরিক পর্ষদ জানায়, তারা আগামী ছয় মাস অথবা নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করবে।আন্দোলনকারীদের অনেকেই সেনা কর্তৃপক্ষের এ ঘোষণাকে স্বাগত জানায়। তবে কয়েক ডজন বিক্ষোভকারী মোবারকের অনুগত কর্মকর্তাদের না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। অনেককে ‘বিপ্লব! চূড়ান্ত বিজয় পর্যন্ত বিপ্লব!’ বলে স্লোগান দিতে দেখা যায়। তাদের সরাতে সামরিক পুলিশ মৃদু লাঠিচার্জ করে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।এর আগে সামরিক পুলিশের প্রধান মোহাম্মদ ইব্রাহিম মুস্তাফা তাহরির স্কয়ারে সমবেত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আজকের পর কোনো বিক্ষোভকারী এখানে থাকুক তা আমরা চাই না।’ সে সময় সেনাসদস্যরা স্কয়ার থেকে বিক্ষোভকারীদের এবং তাদের তাঁবু সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।একজন বিক্ষোভকারী বলেন, ‘স্কয়ার থেকে আমাদের সরিয়ে দেওয়া সমাধান হতে পারে না। আমাদের দাবির প্রতি তাদের অবশ্যই সম্মান দেখাতে হবে।’ মোহাম্মদ সালেহ (২৭) নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমি স্কয়ার ত্যাগ করব না। সেনাবাহিনীর ওপর আমার আস্থা আছে। তবে তাদের যারা পেছন থেকে চালাচ্ছে, তাদের ব্যাপারে সন্দেহ রয়েছে আমার।’এদিকে, বিক্ষোভকারীদের একাংশ মঙ্গলবার (আজ) মিসরে ধর্মঘট করার হুমকি দেওয়ায় গতকাল সোমবার সামরিক কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেনা কর্তৃপক্ষ বলেছে, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার যে উদ্যোগ তারা নিয়েছে, ব্যাংক বন্ধ রাখার ঘোষণা তারই অংশ। দেশে যাতে নতুন করে কোনো ধর্মঘট বা আন্দোলন না হয়, সে জন্য শ্রমিক সংগঠনসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের সমাবেশ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনা কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।গণ-আন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে হোসনি মোবারক গত শুক্রবার পদত্যাগ করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। মোবারকবিরোধী নেতা আয়মান নূর সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণকে ‘বিপ্লবের মহাজয়’ বলে অভিহিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ শফিক বলেছেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখাই এ মুহূর্তে তাঁর সরকারের মূল লক্ষ্য।গত ২৫ জানুয়ারি মিসরে মোবারকবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনের ১৮ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এই আন্দোলনে সহিংসতায় প্রায় ৩০০ লোকের মৃত্যু হয়। বিবিসি অনলাইন।