তাহরির স্কয়ারে সংঘর্ষের ঘটনা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে গত বুধবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনের পতনের পর এটাই ছিল সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোমা ছোড়ে। জবাবে দাঙ্গাপুলিশও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। মোবারকবিরোধী রক্তক্ষয়ী আন্দোলনের পর গত মঙ্গলবার তাহরির স্কয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের প্রথম সংঘর্ষ হয়। শত শত লোক বুধবার ওই ঘটনার বিচার দাবি করলে এ দিনও সংঘর্ষ হয়। রাতব্যাপী এ সংঘর্ষে এক হাজারেরও বেশি লোক আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মোবারকবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার একটি মঞ্চে শোকসভার আয়োজন করা হয়। সেই সভায় একদল লোক হামলা চালানোর পর এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফের সহিংসতা এড়াতে তাহরির স্কয়ার থেকে পুলিশ বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেখানে এখনো কিছুসংখ্যক ক্ষুব্ধ বিক্ষোভকারী অবস্থান করছে বলে বিবিসির এক সাংবাদিক জানান। প্রসিকিউটর জেনারেল আবদেল মেগুইদ মাহমুদ তাহরির স্কয়ারে নতুন করে সহিংসতার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। বিবিসি।