তিউনিশিয়ায় সহিংসতায় নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিশিয়ার কাসেরাইন অঞ্চলে তিন দিনের সহিংসতায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার একজন ইউনিয়ন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। গতকাল থেকে দেশের সব বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ান হয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট জাইন এল আবিদাইন বেন আলী গত সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, বেকারত্ব সমস্যার সমাধানে তাঁর সরকার তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে।ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট বলেছেন, সহিংসতায় কমপক্ষে ৩৫ ব্যক্তি নিহত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, কর্মসংস্থানের দাবিতে সপ্তাহান্তে শুরু হওয়া বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ১৪ ব্যক্তি নিহত হয়েছে। তিউনিশীয় ওয়ার্কার্স ইউনিয়নের আঞ্চলিক শাখার সদস্য সাদোক মাহমুদি বলেন, ‘নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে।’ কাসেরাইনের একটি হাসপাতালের একজন কর্মীর দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি এ কথা বলেন।ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সোউহাইর বেলহাসেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁদের কাছে ৩৫ জনের নামের একটি তালিকা রয়েছে। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বেশি। এই সংখ্যা প্রায় পঞ্চাশের মতো হতে পারে। প্যারিসভিত্তিক এই সংস্থাটি বিশ্বজুড়ে ১৬৪টি মানবাধিকার সংগঠনের বৈশ্বিক ফেডারেশন। স্থানীয় পর্যবেক্ষকদের একটি নেটওয়ার্কের মাধ্যমে তিউনিশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সংস্থাটি।গত মাসে ২৬ বছর বয়সী এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর দেশটিতে রাজনৈতিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সপ্তাহান্তে বিক্ষোভ আরও প্রচণ্ড রূপ ধারণ করে। বিক্ষোভ দমাতে তিউনিশিয়া কর্তৃপক্ষ কঠোর দমন-পীড়ন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।বেলহাসেন বলেন, রেগুয়েভ ও থালা এট কাসেরাইন এলাকায় সপ্তাহান্তের বিক্ষোভের পর থেকে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বেলহাসেন নিজেও একজন তিউনিশীয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, শনি ও রোববারের সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ২৩ ব্যক্তি নিহত হয়েছে।তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইন এল আবিদাইন বেন আলি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান উদ্বেগ নাকচ করে দিয়ে সপ্তাহান্তের সহিংসতার জন্য অপরাধী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। তিনি গত সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, বেকারত্ব সমস্যার সমাধানে সরকার তিন লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে।দেশটিতে গত কয়েক সপ্তাহের অস্থিতিশীলতার জন্য বেকারত্বকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন অনেকে। সপ্তাহান্তে ওই অস্থিতিশীলতা তীব্র আকার ধারণ করে। অস্থিতিশীলতা নিয়ন্ত্রণের চেষ্টায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার থেকে সব বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এএফপি।