তিউনিসিয়ায় পাল্টাপাল্টি সমাবেশ
তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলামি সরকার ও ধর্মনিরপেক্ষতাবাদী বিরোধী দলগুলো গত শনিবার পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। উত্তর আফ্রিকার দেশটিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ একজন বিরোধী রাজনীতিকের হত্যার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
ক্ষমতাসীন এন্নাহদা দলের সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী তিউনিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে লাখো মানুষ মিছিল-সমাবেশ করে। তারা মিসরে সদ্য ক্ষমতা হারানো প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষেও স্লোগান দেয়।
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও বর্তমান সাংবিধানিক পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে বিরোধীরা। তবে সরকারের দাবি, তাদের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে।
২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জাইন আল-আবেদিন বেন আলির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পর এ সমাবেশকে অন্যতম বড় এবং সাম্প্রতিক সংকট শুরুর পর সরকারের সমর্থনে বৃহত্তম সমাবেশ বলে মনে করা হচ্ছে।
মিসরে প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গ টেনে এন্নাহদা দলের প্রধান রশিদ ঘান্নুচি সমাবেশে বলেন, ‘এখানেও মিসরের দৃশ্যের অবতারণা হতে পারে বলে যাঁরা ভাবছেন, তাঁরা ভুল করছেন। বিপ্লব ঘটিয়ে তিউনিসিয়া অন্যের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে আছে। এই দেশ কোনো অভ্যুত্থান আমদানি করবে না।’
শনিবার বিরোধী দলের কয়েক হাজার সমর্থকও রাজধানীতে বিক্ষোভ করে। তবে তা শান্তিপূর্ণভাবে শেষ হয়। তারা ছয় মাস আগে আততায়ীর গুলিতে নিহত ধর্মনিরপেক্ষ নেতা চোকরি বেলাইদের স্মরণে আরও বড় সমাবেশ আয়োজনের অঙ্গীকার করে। বিরোধীদের পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছে সরকার। এএফপি ও রয়টার্স।