তিউনিসিয়ার জনগণের 'সাহসিকতার' স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করায় তিউনিসিয়ার নাগরিক সমাজের চার সংগঠনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি গত শুক্রবার বলেন, এ পুরস্কার তিউনিসিয়ার জনগণের ‘সাহসিকতার’ স্বীকৃতি। খবর এএফপির।
গণতন্ত্রে দেশের উত্তরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওই চার সংগঠন। সে জন্যই এ বছর তাদের বেছে নিয়েছে নোবেল কমিটি। ওবামা এক বিবৃতিতে বলেন, এই পুরস্কার তিউনিসিয়ার জনগণের অধ্যবসায় ও সাহসিকতার স্বীকৃতি। তারা বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার মুখেও ঐক্য, আপস ও সহনশীলতার চেতনায় সমবেত হয়েছিল। ওবামা বলেন, তিউনিসিয়ার অবস্থান অত্যন্ত বিশৃঙ্খল ও সহিংসতাপ্রবণ অঞ্চলে। তবু দেশটি উন্নততর ভবিষ্যতের পথ দেখায়, যার মধ্য দিয়ে সহিংসতা ও বিভক্তির পরিবর্তে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়া যায়।
তিউনিসিয়ার চারটি নাগরিক সংগঠনের জোট ‘ন্যাশনাল ডায়ালগ কোয়ারটেট’ ২০১১ সালের বিপ্লবের পর গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল কমিটির স্বীকৃতি পেয়েছে। এতে বিশ্বজুড়ে অনেকে যেমন বিস্মিত হয়েছেন, তেমনি অভিনন্দনও জানিয়েছেন। ওই জোটের সংগঠনগুলো হলো তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ এবং তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও ওই জোটকে স্বাগত জানিয়েছেন।
২০১৩ সালে তিউনিসিয়ার নবপ্রতিষ্ঠিত গণতন্ত্র বড় বিপদের মুখোমুখি হয়। বামপন্থী একজন রাজনীতিবিদ হত্যার ঘটনায় গণপরিষদ থেকে বিরোধী দল ওয়াকআউট করে। সরকার অচল হয়ে পড়ে, নতুন সংবিধান প্রণয়নের কাজও অসম্পূর্ণ রয়ে যায়। সব মিলিয়ে দেশে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়। তখন সংকট নিরসনের লক্ষ্যে এগিয়ে আসে চারটি নাগরিক সংগঠন। তারা তত্ত্বাবধায়ক সরকার গঠনের স্বার্থে ইসলামপন্থীদের পদত্যাগে রাজি করায়। এতে ক্ষুব্ধ বিরোধীপক্ষও সংবিধান সম্পূর্ণ করার লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরে আসে।
২০১১ সালে আরব বসন্তের প্রভাবে আরব বিশ্বের কয়েকটি দেশের স্বৈরশাসকদের পতন হয়। কিন্তু পরবর্তী সময়ে ওই অঞ্চলের অধিকাংশ দেশই সেই গণ-আন্দোলনের সুফল ধরে রাখতে পারেনি। বিশৃঙ্খলা, রক্তপাত এবং গণতন্ত্র কোণঠাসা হয়ে পড়ায় সেই দেশগুলোর মানুষ হতাশ হয়। তবে একমাত্র ব্যতিক্রম তিউনিসিয়া। আরব দেশগুলোর মধ্যে তারাই প্রথম একনায়ক উৎখাত করে এবং বহু বিপত্তির পরও গণতন্ত্র টিকিয়ে রাখতে সমর্থ হয়।