তিউনিসিয়া ছাড়ছে পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাঁ খাঁ করছে তিউনিসিয়ার ইমপেরিয়াল মারহাবা হোটেলের কাছের সৈকত। শোকসন্তপ্ত মানুষ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। গত শুক্রবার ওই হোটেলে হামলা চালিয়ে জঙ্গিরা ৩৮ জনকে হত্যা করে l ছবি: এএফপি
খাঁ খাঁ করছে তিউনিসিয়ার ইমপেরিয়াল মারহাবা হোটেলের কাছের সৈকত। শোকসন্তপ্ত মানুষ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। গত শুক্রবার ওই হোটেলে হামলা চালিয়ে জঙ্গিরা ৩৮ জনকে হত্যা করে l ছবি: এএফপি

তিউনিসিয়ায় গত শুক্রবারের সন্ত্রাসী হামলায় ৩৮ জনকে হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দমনে দেশটির সরকার কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে কয়েক হাজার পর্যটক তিউনিসিয়া ছেড়ে গেছেন।
কুয়েতের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় একই দিনে নিহত ২৭ জনের স্মরণে গতকাল শনিবার জাতীয় শোক পালিত হয়েছে। আর ফ্রান্সের একটি কারখানায় শুক্রবারের সন্ত্রাসী হামলার পর দেশটির পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তিউনিসিয়া ও কুয়েতের দুটি হামলার দায় স্বীকার করেছে। তিউনিসিয়ায় নিহত ব্যক্তিদের অধিকাংশই ব্রিটিশ নাগরিক।
তিউনিসিয়া: শুক্রবারের হামলার পর আতঙ্কিত হাজারো পর্যটক গতকাল শনিবার তিউনিসিয়া ছেড়ে গেছেন। হামলায় জড়িত অপরাধীদের দমনে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী হাবিব এসিদ গতকাল বলেন, তিউনিসিয়ার বিভিন্ন প্রত্নক্ষেত্র ও অবকাশযাপন কেন্দ্রে সেনা মোতায়েন করা হবে। আর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ৮০টি মসজিদ আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
তিউনিসিয়ায় নিহত ৩৮ জনের মধ্যে ব্রিটিশ পর্যটক ছাড়াও জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও ফ্রান্সের নাগরিকেরাও রয়েছেন। হামলাকারী বন্দুকধারীর নাম আবু ইয়াহিয়া আল-কায়রাওয়ানি। তাঁর মরদেহ ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয়।

.
.


কুয়েত: কুয়েত সিটির শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী হামলায় ২৭ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্মরণে দেশটিতে গতকাল জাতীয় পর্যায়ে শোক পালন করা হয়। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করে ওই হামলাকে তাঁর দেশের জাতীয় ঐক্যের ওপর আঘাতের অপচেষ্টা বলে মন্তব্য করেন।
ফ্রান্স: দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লিয়ঁ শহরের কাছাকাছি মার্কিন মালিকানাধীন একটি রাসায়নিক কারখানায় শুক্রবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো জিহাদি সংগঠন দায় স্বীকার করেনি।
যুক্তরাজ্যে শোকের ছায়া: তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই ব্রিটিশ নাগরিক হওয়ায় যুক্তরাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।