তিউনিসিয়ার নতুন প্রধানমন্ত্রী বেজি সেবসি, ঘানুচির পদত্যাগ
বেজি সাইদ সেবসি তিউনিসিয়ার নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচির স্থলাভিষিক্ত হলেন। এর আগে বিক্ষোভের মুখে গতকাল রোববার পদত্যাগ করেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচি। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ঘানুচি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। তিউনিসিয়ায় নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হওয়ার পর তিনি সরে দাঁড়ালেন।টেলিভিশনে দেওয়া বিবৃতিতে মোহাম্মদ ঘানুচি বলেন, এক সপ্তাহ ধরে অনেক ভেবেচিন্তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর আমলেও প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারেও প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন ঘানুচি। বিবিসি, রয়টার্স।