তিউনিসিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ
তিউনিসিয়ার পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর পতনের নয় মাস পর নির্বাচন অনুষ্ঠিত হলো।তিউনিসিয়ার ভোটাররা ২১৭ আসনের পার্লামেন্টের সদস্যদের নির্বাচিত করার জন্য ভোট দেন, যাঁরা নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করবেন। এ ছাড়া একটি অন্তর্বর্তী সরকারও গঠন করবে নতুন পার্লামেন্ট।নির্বাচনে ইসলামপন্থী দল এননাহদা ভালো ফলাফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা পরিষ্কার নয়।ধর্মনিরপেক্ষ ও মধ্যপন্থী দল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এননাহদার নিকটতম প্রতিদ্বন্দ্বী।ব্যাপক গণ-আন্দোলনের মুখে গত ১৪ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বেন আলী।গত শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষ হয়। সংবাদদাতারা জানান, নির্বাচন নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশাবাদের সৃষ্টি হয়েছে।মোহাম্মদ বোয়াজ্জিজি নামের যে তরুণের আত্মহনন দেশটিতে গণবিক্ষোভের সূচনা করেছিল, সেই তরুণের মা মানৌবিয়া বোয়াজ্জিজি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি এখন আনন্দিত যে আমার সন্তানের মৃত্যু ভয় ও অন্যায়কে পেছনে ঠেলে দেওয়ার সুযোগ এনে দিয়েছে।’ তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমি আমার দেশের সফলতা কামনা করছি।’ভোটাররা ভোট দিতে ভোরবেলাতেই রাজধানী ও এর উপকণ্ঠের ভোটকেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে যান। সংবাদদাতারা বলছেন, ভোট দেওয়ার জন্য তাঁদের দেরি সইছিল না, তবে তাঁরা ছিলেন সুশৃঙ্খল।রাজধানী তিউনিসের কেন্দ্রস্থলের একটি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো হাউসাইন খালিফি (৬২) বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনায় আমি গত রাতে ঘুমাতে পারিনি।’সকালে এননাহদা নেতা রশিদ ঘানুচি ভোট দিতে পরিবারের সদস্যসহ এল মানজাহ উপকণ্ঠের একটি ভোটকেন্দ্রে আসেন। কিন্তু তিনি লাইনে না দাঁড়িয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করার সময় ভোটাররা তাঁর পথ আগলে দাঁড়ান। এ সময় ভোটাররা তাঁর উদ্দেশে বলেন, ‘লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান! এখানেই গণতন্ত্রের শুরু।’ এরপর ঘানুচি লাইনের পেছনে গিয়ে দাঁড়ান। যে লাইন ছিল এক কিলোমিটারেরও বেশি লম্বা। এ সময় ঘানুচি হাসিমুখে বলেন, ‘ভোটারের সংখ্যা গণতন্ত্রের জন্য মানুষের তৃষ্ণার বিষয়টিই তুলে ধরছে।’তিউনিসের উত্তরে লা সুকরাতে ভোট দেন তিউনিসিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। আজ সোমবারের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যেতে পারে।এদিকে, নির্বাচন কমিশনের প্রধান কামাল জেনদৌবি বলেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি সব ধারণা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, ৬০ শতাংশেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। বিবিসি, এএফপি।