তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন এন্নাহদার নেতা হামাদি জেবালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মধ্যপন্থী ইসলামি দল এন্নাহদার নেতা হামাদি জেবালি। গত মাসের পার্লামেন্ট নির্বাচনে দলটি সর্বাধিক আসন লাভ করে। প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে এক সমঝোতায় জেবালির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। দেশটির জ্যেষ্ঠ এক রাজনীতিক গত শুক্রবার এ কথা জানান। বামপন্থী দল কংগ্রেস ফর দ্য রিপাবলিকের (সিপিআর) নেতা আবদেল ওয়াহেব মাতার জানান, প্রেসিডেন্ট পদে তাঁদের দলের নেতা মোনসেফ মারজোইকিকে মনোনয়ন দিতে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। সমঝোতায় দেশের তৃতীয় সর্বোচ্চ পদ সাংবিধানিক পরিষদের স্পিকার হিসেবে ইত্তাকাতুলের নেতা মোস্তফা বেন জাফনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে পার্লামেন্টের অনুমোদনের পর তাঁদের মনোনয়ন চূড়ান্ত হবে। এএফপি ও বিবিসি।