তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের পর রাজনীতি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচির পদত্যাগই চায়। এ দাবিতে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদিকে এখন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরাও। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর স্ত্রীসহ কয়েকজন আত্মীয় কানাডা পৌঁছেছেন।গতকাল রোববার বিক্ষোভকারীরা রাজধানী তিউনিসে বড় ধরনের বিক্ষোভ করেছে। রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে রাজধানীতে ঢোকে। এ সময় তারা জাতীয় পতাকা এবং সাম্প্রতিক সহিংসতায় নিহত লোকজনের ছবি নিয়ে বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার দাবিতে স্লোগান দেয়।দেশব্যাপী গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যান দীর্ঘদিনের প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী। এরপর প্রধানমন্ত্রী ঘানুচির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু ঘানুচিসহ বেন আলী সরকারের কয়েকজন মন্ত্রী অন্তর্বর্তী সরকারে স্থান পাওয়ায় এ সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানায় বিক্ষোভকারীরা। এর পরিপ্রেক্ষিতে ঘানুচিসহ অন্যরা বেন আলীর দল থেকে পদত্যাগ করেছেন, এমনকি নির্বাচনের পর রাজনীতিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঘানুচি। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, বেন আলীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল— এমন কাউকেই সরকারে রাখা যাবে না।গতকালের বিক্ষোভে যোগ দেওয়া মোহাম্মদ লায়ানি নামের এক বয়স্ক ব্যক্তি বলেন, ‘সাবেক স্বৈরশাসকের কাউকেই আমরা সরকারে দেখতে চাই না।’ বেন আলীর উৎখাতের আন্দোলনে নেতৃত্বদানকারী দেশের প্রধান ট্রেড ইউনিয়ন ‘জেনারেল ইউনিয়ন অব তিউনিসিয়ান ওয়ার্কার্স’ এই বিক্ষোভে সমর্থন দিয়েছে। ওই ইউনিয়নও বর্তমান অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।এর আগের দিন শনিবারও তিউনিসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা তিউনিসের প্রধান সড়ক হাবিব বরগুইবাতে অবস্থিত প্রধানমন্ত্রী ঘানুচির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এদের একটি অংশ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজার গাড়ি আটকে দেয়।বিক্ষোভকারীদের সঙ্গে একত্মতা প্রকাশ করে বাহুতে লাল ব্যাজ বেঁধে বিক্ষোভে যোগ দেন পুলিশের প্রায় দুই হাজার কর্মকর্তা। তিউনিস থেকে আলজাজিরা টেলিভিশনের সাংবাদিক নাজনাইন মোশিরি জানান, বিক্ষোভে যোগ দেওয়া পুলিশের সদস্যরা তাঁদের কর্মস্থলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বলেছেন, সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় তাঁরা দায়ী নন।সাংবাদিক মোশিরি বলেন, তারা (পুলিশ) বলছে, দেশের জনগণের সঙ্গে থাকতে চায়, বিপ্লবের অংশীদার হতে চায়।এদিকে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গত সপ্তাহে গঠিত স্বাধীন কমিশন গত শনিবার জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনা যথাযথভাবে তদন্ত করা হয়েছে। এরপর পেছনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা খুঁজে বের করা হবে।কমিশনের প্রধান তৌফিক বৌদেরবালা বলেন, তাদের কাছে জানতে চাওয়া হবে, গুলি চালানোর নির্দেশ তাদের কে দিয়েছিল। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর স্ত্রীসহ কয়েকজন আত্মীয় কানাডা পৌঁছেছেন। গত শনিবার কানাডার একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।লি জার্নাল ডি কুইবেক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বেন আলীর এক শ্যালক গত শুক্রবার সকালে ব্যক্তিগত একটি বিমানে চড়ে মন্ট্রিলে পৌঁছেছেন। এ সময় সঙ্গে ছিল তাঁর স্ত্রী, সন্তান ও একজন গৃহশিক্ষিকা।বেন আলীর স্ত্রী লায়লার কয়েকজন ভাই আছেন। তবে তাঁর কোনো ভাই কানাডায় গেছেন—কোনো সূত্রই এ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। জানা গেছে, পরিবারটি মন্ট্রিলের একটি হোটেলে উঠেছে। এএফপি, বিবিসি, রয়টার্স।