তিউনিসিয়ায় আজ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ
একনায়ক জয়নুল আবেদিন বেন আলীকে উৎখাতের নয় মাস পর আজ রোববার তিউনিসিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরব বিশ্বে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যে দেশগুলোতে শাসকদের পতন হয়েছে, তার মধ্যে তিউনিসিয়ায়ই এই প্রথম নির্বাচন হচ্ছে।গত শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। গতকাল শনিবার সব ধরনের প্রচারণা বন্ধ ছিল। আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচিত পার্লামেন্ট দেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করবে।নির্বাচনে মোট ৭২ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১৭ আসনের পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক হাজার ৫১৭ জন প্রার্থী। এর মধ্যে ৮২৮ জন রাজনৈতিক দলের, ৬৫৫ জন স্বতন্ত্র এবং ৩৪ জন রাজনৈতিক জোটের প্রার্থী।নির্বাচনী প্রচারণার শেষ দিন শুক্রবার রাজধানী তিউনিসসহ দেশের বিভিন্ন শহরে প্রচারণা চালিয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। ধারণা করা হচ্ছে, একসময় নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী এন্নাহদা দলই নির্বাচনে বিজয়ী হতে পারে।এন্নাহদার প্রধান রাশেদ ঘানৌচি শুক্রবার নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে যে ফলাফলই হোক না কেন, আমরা তা মেনে নেব। বিজয়ীদের স্বাগত জানাব।’ তবে দলটি আশঙ্কা করছে, নির্বাচনে ভোট কারচুপি বা জালিয়াতি হতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিও প্রচারণার শেষ দিনে সমাবেশ করে। দলের নেতা মায়া জিরিবি ভোটারদের আহ্বান জানান, ‘মুক্ত ও মধ্যপন্থী তিউনিসিয়াকে বিশ্বের কাছে তুলে ধরুন।’ এই দলটি নির্বাচনে দ্বিতীয় অবস্থান লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।