তিউনিসিয়ার দিজেরবা দ্বীপে একটি আবর্জনা ফেলার জায়গা পুনরায় খুলে দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের অধিকাংশই পুলিশ বলে জানা গেছে।তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ তারুশে জানান, দিজেরবা দ্বীপের গুয়েল্লালার স্থানীয় কর্তৃপক্ষ একটি আবর্জনা ফেলার জায়গা ২০১৩ সাল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত শনিবার সকালে অন্তত ৪০ জন স্থানীয় বাসিন্দা আবর্জনা ফেলার জায়গাটি অবরোধ করেন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার দিকে আবার পুলিশের ওপর হামলা চালায়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও অগ্নিবোমা ছোড়ে। এতে অন্তত ৫০ জন আহত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে তাঁদের দাবির মুখে কর্তৃপক্ষ আবর্জনা ফেলার ওই জায়গা বন্ধ করে দেয়। তা আর কখনো খুলে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিবিসি।