তিউনিসিয়ার ইসলামপন্থী দল এননাহদা এক মাসের মধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে দলটি ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট গঠনের ডাক দিয়েছে। ‘আরব বসন্ত’-পরবর্তী প্রথম অবাধ নির্বাচনের প্রাথমিক ফলাফলে এননাহদা এগিয়ে রয়েছে।এননাহদার নেতা রশিদ ঘানুচি গতকাল বুধবার বলেন, তাঁরা এরই মধ্যে জোট গঠনের জন্য আলোচনা শুরু করে দিয়েছেন। রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই দল সরকারের নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক।’ গত রোববারের ঐতিহাসিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।প্রাথমিক ফলাফলে এননাহদা এগিয়ে থাকলেও দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে হচ্ছে। দলটির নেতা রশিদ ঘানুচি বলেন, এক মাসের মধ্যেই সরকার গঠন করা হবে।গত মঙ্গলবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, এ পর্যন্ত নয়টি অভ্যন্তরীণ নির্বাচনী জেলার ৫৫টি আসনের ভোট গণনা করা হয়েছে। সেগুলোর মধ্যে এননাহদা পেয়েছে ২৮টি আসন।গত রোববার তিউনিসিয়ার ভোটাররা ২১৭ সদস্যের পার্লামেন্টের নির্বাচনের জন্য ভোট দেন। নতুন পার্লামেন্ট নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেবে।গত সোমবার পার্লামেন্টের প্রবাসী প্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, সংরক্ষিত ১৮টি আসনের অর্ধেক পেয়েছে এননাহদা। গত সপ্তাহে বিদেশে সংরক্ষিত আসনের ভোট গ্রহণ করা হয়।সব মিলিয়ে এ পর্যন্ত ৭৩টি আসনের ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে এননাহদা পেয়েছে ৩৭টি।অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে হবেন, সে-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ঘানুচি বলেন, যিনি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, তিনিই হবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা চলছে।গত জানুয়ারিতে ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জয়নুল আবদিন বেন আলী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, বামপন্থী কংগ্রেস ফর দ্য রিপাবলিক (সিপিআর) ও লন্ডনভিত্তিক কোটিপতি ব্যবসায়ী হাশমি হামদির সমর্থনপুষ্ট পিটিশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। বেন আলীর সঙ্গে এই ব্যবসায়ীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।বামপন্থী এত্তাকাটোল রয়েছে তৃতীয় স্থানে। দলটির নেতা মুস্তাফা বেন জাফর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এননাহদার সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, ইসলামপন্থী ও আধুনিকতাবাদীদের মধ্যে মেরুকরণ এড়াতে একটি ব্যাপকভিত্তিক সরকারের প্রয়োজন। দেশের সরকার পদ্ধতি কী হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নতুন পার্লামেন্ট।রাজনৈতিক বিশ্লেষক বেন ফরহাত বলেন, ‘এননাহদা বুদ্ধিমত্তার সঙ্গে রাজনৈতিক খেলার নিয়ম উপলব্ধি করতে পেরেছে। ইসলামপন্থী দলটি জানে, তারা একা দেশ শাসন করতে পারবে না। এননাহদা তালেবান নয়, আর তিউনিসিয়াও আফগানিস্তান নয়।’ এএফপি।