তিউনিসিয়ায় ঐকমত্যের সরকার ঘোষণা
তিউনিসিয়ায় গতকাল সোমবার নতুন অন্তর্বর্তী ঐকমত্যের সরকার ঘোষণা করা হয়েছে। বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক দিন পর এ সরকার গঠিত হলো। সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌচি। নতুন সরকার ঘোষণার পর প্রধানমন্ত্রী সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন। এ ছাড়া তিনি তথ্য মন্ত্রণালয় বিলুপ্ত ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশটির প্রধান মানবাধিকার গোষ্ঠী তিউনিসিয়ান লিগ ফর হিউম্যান রাইটসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। নতুন সরকারে সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি, বিরোধী দলের তিনজন সদস্য ও সাবেক প্রেসিডেন্ট বেন আলীর মন্ত্রিসভার ছয়জন সদস্য স্থান পেয়েছেন। এঁদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী কামাল মোরজানে রয়েছেন।তিউনিসিয়ার সাংবিধানিক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সরকার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি নেবে। আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে পারে। তবে বিরোধীরা বলছে, একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে ছয় মাসের বেশি সময় লাগবে।জাতিসংঘ গতকাল দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করতে তিউনিসিয়ার নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, দ্রুত নির্বাচন অনুষ্ঠানে তারা তিউনিসিয়াকে সাহায্য করবে।সরকার ঘোষণা করার আগে গতকাল রাজধানী তিউনিসের রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ ও সহিংসতা দমনে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ, জলকামান ব্যবহার ও ফাঁকা গুলি ছুড়েছে। বিক্ষোভকারীরা ক্ষমতাচুত প্রেসিডেন্টের দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক র্যালিকে (আরসিডি) ঐকমত্যের সরকারের বাইরে রাখার আহ্বান জানায়। তারা আরসিডিকে বিলুপ্ত ঘোষণা করারও দাবি জানায়।রোববার গভীর রাতে তিউনিসের উত্তরে কার্থেজে প্রেসিডেন্ট প্রাসাদে ভারী গোলাগুলি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার প্রেসিডেন্ট প্রাসাদ, কেন্দ্রীয় ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আশপাশে তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। বেন আলীর অনুগত বন্দুকধারীদের মোকাবিলায় সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপ ব্যবহার করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনারা তিউনিস ও অন্যান্য শহরের রাস্তায় টহল দিচ্ছে। কয়েক দিনের সহিংসতার কারণে দোকানপাট ও পেট্রল স্টেশনগুলোয় সরবরাহ বন্ধ রয়েছে। পেট্রল স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। রাজধানীর অনেক বাসিন্দা খাদ্য ঘাটতির অভিযোগ করেছেন।তিউনিসের প্রধান মার্কেটে নাজলা নামের এক নারী বলেন, তাঁদের কাছে যথেষ্ট পরিমাণে আটা নেই। অস্থিতিশীলতা অব্যাহত থাকলে তাঁরা খাদ্যসংকটের মুখে পড়তে পারেন।গত রোববার প্রেসিডেন্টের নিরাপত্তাপ্রধান আলী সেরিয়াতিকে গ্রেপ্তারের পর সংঘর্ষ শুরু হয়। তাঁর বিরুদ্ধে সহিংসতায় উসকানি দিয়ে রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ তোলা হয়েছে।এদিকে তিউনিসিয়ার ধর্মনিরপেক্ষ বামপন্থী নেতা মোনসেফ মারজৌকি গতকাল বলেছেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ১৯৯৪ সালের নির্বাচনে তিনি বেন আলীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তিনি সেবার প্রার্থী হতে পারেননি। মারজৌকি বর্তমানে প্যারিসে বসবাস করছেন। বিবিসি ও এএফপি।