তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর পর দেশটিতে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা চলছে। চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন পার্লামেন্টের স্পিকার ফুয়াদ মেবাজা। শপথ নেওয়ার পর তিনি একটি জাতীয় সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌছির প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা বলেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি নতুন সরকার গঠনের জন্য আমি প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌছির প্রতি আহ্বান জানিয়েছি।’ শনিবারই ঘানৌছির সঙ্গে আলোচনায় বসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।ইউনিয়ন অব ফ্রিডম অ্যান্ড লেবার পার্টির নেতা মুস্তাফা বেন জাফর বলেন, ‘জাতীয় সরকার গঠন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এ বিষয়ে আরও আলোচনা হবে।’বেন জাফর আরও বলেন, ‘দেশকে এ অবস্থা থেকে উদ্ধার এবং প্রকৃত সংস্কারের লক্ষ্যে আরও বৈঠক হবে। বৈঠকের ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে।’ তবে সাংবিধানিক পরিষদ দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য বললেও তা সম্ভব হবে না বলে জানিয়েছেন ফ্রান্স-প্রবাসী বিরোধী দল পিডিপির এক মুখপাত্র।বেন আলীর নিষিদ্ধঘোষিত তিউনিসিয়ার ইসলামপন্থী দলের লন্ডন প্রবাসী এক নেতা শনিবার জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা করছেন। রাশেদ ঘানৌছি নামের ওই নেতা বলেন, ‘স্বৈরশাসককে উৎখাত করতে তিউনিসিয়ার জনগণের সংগ্রাম সফল হয়েছে। আমি শিগগির দেশে ফিরব।’এদিকে, রাজধানী তিউনিসসহ দেশের বিভিন্ন অঞ্চলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা আরও বেড়ে গেছে। পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। সেনাসদস্যরা ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে রাজপথে টহল দিচ্ছেন।রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, দামি গাড়ি লুটপাট করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। কোনো কোনোটিতে আগুন ধরিয়ে দিয়েছে। অনেক দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।রাজধানীর প্রবেশপথে একটি পুলিশ ফাঁড়ির সামনে দেখা যায়, বেশ কয়েকজন দুর্বৃত্তকে আটক করে বন্দুকের সামনে টেনে-হিঁচড়ে ট্রাকে তুলে নিচ্ছেন সেনা সদস্যরা।মধ্য তিউনিসিয়ার মোনাস্তির শহরের একটি কারাগারের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে বন্দীরা পালানোর চেষ্টা করেন। এ সময় গোলাগুলিতে কমপক্ষে ৪২ জন নিহত হয়।প্রধানমন্ত্রী ঘানৌছি এর আগে নিশ্চিত করেছিলেন, বেন আলীর পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় তিনি জানাননি। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, বেন আলীর নিরাপত্তাপ্রধানকে আটক করা হয়েছে।ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিগুলো পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। তিউনিসিয়ার এক সময়কার ঔপনিবেশিক শাসক এবং প্রেসিডেন্ট বেন আলীর ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স বলেছে, তিউনিসিয়ার জনগণ তাঁদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং এখন যত দ্রুত সম্ভব নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হওয়া প্রয়োজন।প্রেসিডেন্ট বেন আলীকে উৎখাত করতে পারায় কয়েক হাজার প্রবাসী তিউনিসিয়ান শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আনন্দ মিছিল করেন। বেলজিয়াম ও ইতালিতেও একই ধরনের মিছিল হয়েছে।জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, তিউনিসিয়ায় প্রকৃত গণতন্ত্রের প্রতি সহযোগিতা করবে তাঁর দেশে। আরব লিগ বলেছে, বেন আলীকে উৎখাত একটি ঐতিহাসিক ঘটনা।তবে ভিন্ন কথা বলেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। বেন আলীর পতনকে তিনি ‘বিশাল ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, বেন আলী এখনো তিউনিসিয়ার সংবিধানসম্মত প্রেসিডেন্ট। এএফপি, রয়টার্স, বিবিসি।