তিউনিসিয়ায় মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ঘানুচি
তিউনিসিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচি মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর ঘনিষ্ঠ ব্যক্তিদের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন। তবে তাঁর পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে তিউনিসিয়ার অন্তর্বর্তী সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা—ইন্টারপোল বেন আলী ও তাঁর ছয়জন স্বজনকে গ্রেপ্তারের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। প্রধানমন্ত্রী ঘানুচি টেলিভিশন ভাষণে বলেন, তিনি পদত্যাগ করবেন না। তবে মন্ত্রিসভা থেকে বেন আলীর সরকারের ১২ জন সদস্যকে সরিয়ে দেওয়া হবে। তিনি বর্তমান সরকারকে ‘অন্তর্বর্তীকালীন’ বলে উল্লেখ করে বলেন, ‘এই সরকার দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে।’ প্রধানমন্ত্রী বিক্ষোভ বন্ধ করে কাজে ফিরে যেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী ঘানুচির টেলিভিশন ভাষণের আগে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী কামেল মোরজান। জাতীয় স্বার্থে তিনি পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন। রাশিয়া ও ভারতে তিউনিসিয়ার দূত হিসেবে দায়িত্ব পালনকারী আহমেদ ওউনায়িসকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফারহাত রাঝি ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আবদেল করিম জেবিদিকে নিয়োগ দেওয়া হয়েছে।ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর বিরুদ্ধে বিক্ষোভে মূল ভূমিকা পালন করা শক্তিশালী ট্রেড ইউনিয়ন ইউজিটিটি মন্ত্রিসভার রদবদলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে তারা মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ঘানুচির পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। রাজধানী তিউনিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গতকাল শুক্রবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া ২২ বছর বয়সী ছাত্র খালেদ সালিহ বলেন, দেশের অধিকাংশ মানুষ ঘানুচির পদত্যাগ চায়। মন্ত্রিসভার সব সদস্য বিশেষত ঘানুচিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর ভাষণকে তিনি ‘সময় নিয়ে খেলা’ বলে উল্লেখ করেন। ফাদেল বলেন, বেন আলীর সরকারে থাকার সময় ঘানুচি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেননি। বরং তিনি বেন আলীর সহযোগী ছিলেন।ইন্টারপোল বেন আলী ও তাঁর ছয়জন স্বজনকে গ্রেপ্তারের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এ ছাড়া বেন আলীর শ্যালক ধনকুবের বেলহাসেন ট্রাবেলসিকে গ্রেপ্তারের জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছে তিউনিসিয়া। বিক্ষোভের মুখে গত সপ্তাহে স্ত্রী-সন্তানসহ কানাডার রাজধানী মন্ট্রিলে আশ্রয় নেন বেলহাসেন।ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তাঁর পদত্যাগের দাবিতে দেশব্যাপী ব্যাপক গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান তিনি। এরপর প্রধানমন্ত্রী ঘানুচির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু ঘানুচিসহ বেন আলী সরকারের কয়েকজন মন্ত্রী অন্তর্বর্তী সরকারে থাকায় একে মেনে নিতে অস্বীকৃতি জানায় বিক্ষোভকারীরা। এর পরিপ্রেক্ষিতে ঘানুচিসহ অন্যরা নির্বাচনের পর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, বেন আলীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল—এমন কাউকেই সরকারে রাখা যাবে না। এএফপি ও বিবিসি।