তিউনিসে চলছে আসাদবিরোধী জোটের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী নতুন জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) প্রথমবারের মতো আনুষ্ঠানিক সম্মেলনে বসেছে। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে গত শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সরকারবিরোধীদের আরও সংঘবদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠিত এ সম্মেলনে এসএনসির প্রায় ২০০ সদস্য অংশ নিয়েছেন। এ ছাড়া এ সম্মেলনে আরব বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত আছেন।গত সেপ্টেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে আনুষ্ঠানিকভাবে এসএনসি গঠন করা হয়। সংগঠনটির দাবি, তারা সিরিয়ায় সরকারবিরোধীদের ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করছে।এসএনসির প্রধান বুরহান ঘালিয়ন বলেন, ‘আমরা সরকারবিরোধীদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে চাই। এই সম্মেলন থেকে আমরা একটি বৃহৎ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। যাতে আসাদের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান হয়।’তিউনিসিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রাধুয়িন নুইসার বলেন, এই সম্মেলনের জন্য তাঁর দেশের সরকার এসএনসিকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুমোদন দেয়নি। তবে এসএনসির লক্ষ্যের প্রতি তাদের সমর্থন রয়েছে। নুইসার বলেন, ‘সিরিয়া কিংবা অন্য যেকোনো জায়গার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করা আমাদের জাতীয় নীতির অংশ। তাই আমাদের দেশে অনুষ্ঠিত এ সম্মেলনকে আমরা স্বাগত জানাই।’আরব জাগরণের অনুপ্রেরণায় গত মার্চে সিরিয়ায়ও সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সেই থেকে বাশার সরকারও কঠোর হস্তে এই আন্দোলন দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়ায় চলতি বছরে এই দমন অভিযানে প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই মারা গেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে। এ দেশটিতে বিদেশি সাংবাদিকদের প্রবেশও প্রায় নিষিদ্ধ। সর্বশেষ গত শুক্রবার দেশটিতে পুলিশের সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষ হয়। মানবাধিকারকর্মীদের তথ্যমতে, হোমস শহরে অন্তত ছয়জন নিহত হয়েছে। চলতি মাসের গোড়ার দিকে এসএনসি বলেছে, তারা ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সঙ্গে একত্রে কাজ করতে চায়। এফএসএ সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কমাতে সম্মত হয়েছে বলে এসএনসি জানায়। এফএসএ হচ্ছে সেনাবাহিনী ছেড়ে আসা সেনাসদস্যদের একটি সংগঠন। বিবিসি।