তিকরিতে জঙ্গিদের ওপর হেলিকপ্টার থেকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরে জঙ্গিনিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নেওয়ার জন্য গতকাল শুক্রবার সেখানে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছে সরকারি বাহিনী৷ এরপর শহরটিতে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়৷ সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন৷ খবর এএফপি ও রয়টার্সের৷
প্রয়াত সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের শহর তিকিরত ১১ জুন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) নেতৃত্বাধীন সুন্নি জঙ্গিদের দখলে চলে যায়৷ সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বাহিনীর সহায়তায় হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়৷
তিকরিতের উত্তরে বাইজি শহর এবং একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে ওই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত৷ সেখানকার অধ্যাপক ইব্রাহিম তামিমি বলেন, ভোরে গোলাগুলি ও হেলিকপ্টারের আওয়াজ শুনে তাঁরা এলাকা ছেড়ে কাছাকাছি অন্য একটি শহরে চলে যান৷
এদিকে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায়, তিকরিতের অন্তত দুটি স্থানে চলতি মাসের ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রায় ১৯০ জনকে হত্যা করেছে আইএসআইএল৷ আলোকচিত্র ও কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে এ ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ নিহতের এ সংখ্যা আরও বেশি হতে পারে৷ কারণ, ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তদন্ত করা কঠিন৷ আইএসআইএল প্রকাশিত আলোকচিত্র এবং স্যাটেলাইটের ছবিতে জঙ্গিদের এসব নৃশংসতার চিত্র ফুটে উঠেছে৷
টুইটারে ১৪ জুন আইএসআইএল প্রায় ৬০টি ছবি প্রকাশ করে৷ এসব ছবিতে দেখা যায়, বেসামরিক পোশাকধারী বন্দীদের ট্রাকে তুলে সরু পরিখায় জোর করে শোয়ানো হচ্ছে৷ একটি পরিখায় ৯০ থেকে ১১০ জনকে শুইয়ে রাখা হয়েছে৷
হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এক সারি মানুষকে মাথা নিচের দিকে রাখতে বাধ্য করে গুলি করা হচ্ছে৷ সংস্থাটির জরুরি পরিচালক পিটার বুকায়ের্ট বলেন, এসব গুরুতর যুদ্ধাপরাধের আরও তদন্ত দরকার৷ জঙ্গি এবং অন্য বাহিনীর সদস্যদের জানা উচিত, তাদের কর্মকাণ্ড ইরাকি ও বিশ্ববাসী দেখতে পাচ্ছে৷
হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনের ব্যাপারে আইএসআইএলের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি৷ জাতিসংঘ গত মঙ্গলবার জানায়, ইরাকে চলতি মাসে সিহংসতায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে৷ তাদের অধিকাংশই বেসামরিক জনগণ৷