তিকরিতে লড়াই চলছে, সেনা হামলায় সাদ্দামের প্রাসাদ ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরের আশপাশে সেনাবাহিনীর সঙ্গে সুন্নি বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলেছে, শহরটিতে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। তিকরিতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি প্রাসাদও বিমান থেকে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র বলেছে, সেনাবাহিনী অভিযান চালানোর মধ্যেই পাল্টা হামলায় বিদ্রোহীরা একটি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে।

 ইসলামিক এস্টেট ইন ইরাক এণ্ড দ্য লেভান্ট (আইএসআইএস) ইরাক ও সিরিয়ার যে অংশ ইতিমধ্যে দখল করে নিয়েছে সেখানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার একদিন পরই সেনাবাহিনীর সঙ্গে তাদের নতুন সংঘাতের খবর পাওয়া গেল।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, যদিও বিমান থেকে সেনাবাহিনী গোলা নিক্ষেপ করছে; তথাপি বিদ্রোহীরা অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে। বিবিসি বলেছে, এই গোলাগুলির মধ্যেই বিদ্রোহীরা তিকরিতের উত্তরাঞ্চলে অবস্থিত স্পিশার সেনা ঘাঁটির একটি অংশ তাদের দখলে নিয়ে নিয়েছে।

গত ১১ জুন বিদ্রোহীরা তিকরিতের বড় একটি অংশ দখল করে নেয়। তখন থেকেই সেখানে দফায় দফায় লড়াই চলছে।

ইরাক ও সিরিয়ায় দখল করা ভূখণ্ডে গত শুক্রবার খেলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় আইএসআইএস।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এক অডিও বার্তায় এমন ঘোষণা দেয় আইএসআইএস।

সংগঠনটির মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি বলেন, ‘ইসলামি রাষ্ট্রের সুরা কাউন্সিল বৈঠক করে এই বিষয়ে আলোচনা করেছে। তারা একটি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। মুসলমানদের এই রাষ্ট্রের জন্য একজন খলিফা নিয়োগ করা হচ্ছে।’ 

আইএসআইএসের নেতা আবু বকর আল বাগদাদিকে খলিফা বা মুসলিম জাহানের নেতা ঘোষণা করা হবে বলে জানায় এই সংগঠন। তিনি খলিফা ইব্রাহিম নামে পরিচিত হবেন।

অডিও বার্তায় দাবি করা হয়, ইসলামি রাষ্ট্রটি সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো থেকে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে।