তিকরিত শহরের দখল নিতে সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সুবিধা করতে পারছে না ইরাকের সরকারি বাহিনী। জঙ্গিদের তীব্র প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। ব্যাপক সংঘর্ষের পর সেনারা কাছাকাছি আরেকটি শহরে চলে যায়। খবর বিবিসির।
সরকারি বাহিনী তিকরিতে ট্যাংক, সাঁজোয়া যান ও আকাশযান সহযোগে গত শনিবার অভিযান চালায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লড়াইয়ে উভয় পক্ষেরই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। একপর্যায়ে সেনাবাহিনী ২৫ কিলোমিটার দক্ষিণে দিজলা শহরে চলে যেতে বাধ্য হয়। বিদ্রোহীরা একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে এর পাইলটকে আটক করে।
ইরাকের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি বড় অংশসহ তিকরিত শহরটি ইসলামিক স্টেট অব দ্য ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা ১১ জুন দখল করে নেয়। ইরাকি সরকার আগে একবার শহরটি জঙ্গিদের দখলমুক্ত করার দাবি করেছিল।
রাশিয়ার যুদ্ধবিমান পেল ইরাক: সুন্নি বিদ্রোহীদের দমনে সহায়তার জন্য বাগদাদের কর্তৃপক্ষকে পাঁচটি যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। ইরাকি সরকার বিমানগুলো পাওয়ার খবর নিশ্চিত করে শনিবার বলেছে, এগুলো ‘তিন থেকে চার দিনের মধ্যে’ কাজে লাগানো হবে।
আইএসআইএলের জঙ্গিরা বর্তমানে ইরাকের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে সরকার তিকরিতের দখল ফিরে পেয়েছে বলে শনিবার দাবি করলেও বিদ্রোহীরা এ খবর প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সরকারি বাহিনীর অভিযানে ৬০ জন জঙ্গি প্রাণ হারিয়েছে। তবে শনিবার সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াইয়ের খবর নিশ্চিত করে জঙ্গিরা দাবি করেছে, সরকারি বাহিনীর হামলা ব্যর্থ হয়েছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জঙ্গিবিরোধী লড়াইয়ে বিমানবাহিনীর সামর্থ্য বৃদ্ধির জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সশস্ত্র বাহিনীকেও সহায়তা করবে মস্কো। সামরিক সূত্র আরও জানায়, প্রয়াত সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের শহর তিকরিতে অভিযানে মার্কিন সামরিক উপদেষ্টাদের সহায়তা নেওয়া হয়েছে।
ইরাকের বিমানবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছিল। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি গত সপ্তাহে বলেছিলেন, তাঁর সরকার যুদ্ধবিমান পেতে রাশিয়া ও বেলারুশের সঙ্গে ৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে।
ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩০০ জন বিশেষ সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। এ ছাড়া দেশটিতে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার জন্য চালকবিহীন বিমানও (ড্রোন) পাঠানো হয়েছে। বাগদাদের আকাশে এসব মার্কিন ড্রোন টহল দিচ্ছে।
এদিকে, দেশটির সবচেয়ে প্রভাবশালী শিয়া নেতা একজন নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য সব সম্প্রদায়ের নেতা ও রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।