তিন ঘটনায় নিঝুম লক্ষৌ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নির্বাচন ২০১৪—ভোটের হাওয়া: লক্ষেৗ
ভারতের নির্বাচন ২০১৪—ভোটের হাওয়া: লক্ষেৗ

চার দিন পরে যেখানে ভোট এবং যে রাজ্যটি এবারের ভোটে বিজেপির তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে, সেই রাজ্যের রাজধানীর এই সময়ে দিন-রাত গমগম করার কথা। অথচ গোটা লক্ষৌজুড়ে এক অদ্ভুত নিস্পৃহতা! প্রলয়ের আগে চারদিক যেমন থমথম করে, যেমন নিঝুম মেরে যায়, অনেকটা তেমনই। 
নবাবি আমল আর শিল্প-সংস্কৃতির ঐতিহ্যমাখা সারা লক্ষৌ শহরে সবকিছুই আছে—ছুটির দিনের জমজমাট বাজার, কোলাহল, যানজটের দুর্ভোগ। নেই শুধু রাজনীতির ঢক্কানিনাদ, ঝমঝম করে রাজপথজুড়ে চলা ‘ভোট দিন ভোট দিন’ আরজি, পতপত করে দলীয় পতাকা ওড়া গাড়ির হুসহাস ছুটে চলা। এ যেন নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাজনিত চিত্রপট। 
আসল ঘটনা কিন্তু তা নয়। রাজধানী লক্ষৌয়ের এমন নিস্তব্ধতার কারণ নাকি গত শুক্রবার ঘটে যাওয়া পর পর কয়েকটি ঘটনা, যা অনেককে হতবাক করে দিয়েছে। প্রথম ঘটনা, বলা নেই কওয়া নেই, কাকপক্ষীও টের পেল না, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিংয়ের হুট করে বিজেপিতে চলে যাওয়া! দ্বিতীয় ঘটনাটি ঘটেছে লক্ষৌতেই, যোগগুরু রামদেব কটূক্তি করেছেন খোদ রাহুল গান্ধীকে নিয়ে। বলেছেন, রাহুল দলিত মেয়েদের বাড়িতে সময় কাটাচ্ছেন, যেন পিকনিক করছেন। তৃতীয় খবর, লক্ষৌয়ে বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের প্রচারে নাকি নরেন্দ্র মোদি আর আসবেন না। রাজনাথের সঙ্গে তাঁর নাকি মনোমালিন্য শুরু হয়ে গেছে। কারণ, মোদিকে ঠেকাতে রাজনাথই নাকি শেষমেশ ‘ডার্ক হর্স’ (যার অর্থ, কম পরিচিত কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী) হয়ে উঠতে চলেছেন। গোটা শহর নাকি এসব নিয়েই থম মেরে গেছে।
শহর ঘুরে বোঝা গেল, পুরোটা না হলেও রটনায় কিছু সত্যতা রয়েছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বিজেপির কার্যালয়ে এরই চর্চা। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাই ও রামদেবকে নিয়ে। শেষ পর্যন্ত ক্ষিপ্ত কংগ্রেসিদের উদ্যোগে রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো এবং বিকেল নাগাদ জানা গেল যে রামদেব দুঃখ প্রকাশ করেছেন। বিজেপির কার্যালয়ে দেশের সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা খুব মন দিয়ে কংগ্রেসের অর্থনীতির ‘কুফল’, এবারের সম্ভাব্য অনাবৃষ্টি ও জলবায়ু পরিস্থিতি ‘এল নিনো’র প্রভাব থেকে মুক্ত হতে নতুন সরকারের কত দিন লাগবে, তা মন দিয়ে বোঝাচ্ছিলেন। তাঁর কথা শেষ হয়েছে কি হয়নি, প্রশ্ন উড়ে এল, এবারের ভোট কি আগের মতো জাতপাতকে ভিত্তি করেই হবে? যশবন্ত বললেন, ‘মোটেই না। এবারের ভোট জাতপাতের বেড়া ভেঙে দেবে।’ তারপর তিনি প্রথম আলোকে বলেন, ‘বিরোধীরাই আমাদের তিরিশটা আসন দিচ্ছে। তাহলে বুঝুন, আমরা কতগুলো পাব!’
আশ্চর্যের কথা, রাজ্যের সাবেক কংগ্রেসি মন্ত্রী সত্যদেও ত্রিপাঠি কার্যালয়ে বসে বিজেপির সম্ভাব্য সাফল্যের যে ব্যাখ্যা দিলেন, তার সঙ্গে যশবন্ত সিনহা ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সর্বেসর্বা জাফরইয়াব জিলানির বক্তব্যের বেজায় অমিল ধরা পড়ল। সত্যদেও বা জিলানি দুজনের কেউই বিশ্বাস করেন না, মোদির নামে উত্তর প্রদেশে হু হু করে হাওয়া বইছে। দুজনেই বলেন, এ রাজ্যে

বিজেপি কিছুতেই ত্রিশের বেশি আসন পাবে না। যা শুনে যশবন্ত সিনহা ও শহরের বিজেপি নেতা রাজ্যসভার সদস্য কলরাজ মিশ্র মুচকি হেসে বললেন, ‘আমাদের প্রাথমিক হিসেব যা ছিল, তার চেয়েও বেশি পাব আমরা।’ কত ছিল সেই হিসেব? কলরাজ জানালেন, ‘৪০। সংখ্যাটা আরও ১০ বাড়লেও অবাক হওয়ার নেই।’
১৯৯৮ সালে তুলনামূলকভাবে উদারপন্থী হিসেবে পরিচিত অটল বিহারি বাজপেয়িকে সামনে রেখে অবিভক্ত উত্তর প্রদেশে ৮৫টির মধ্যে ৫৭টি আসন পেয়েছিল বিজেপি। এনডিটিভির হিসাবে এবার বিজেপি ৫৩টি আসন পেলেও পেতে পারে। মোদিকে সামনে এগিয়ে দিয়ে সংঘ পরিবার যখন লড়াইয়ে নামে, তখন তাদের লক্ষ্য ছিল ৪০। কিন্তু তাই বলে ৫০ টপকানো কি সত্যিই সম্ভব? বিশেষত, এই তীব্র জাতপাতভিত্তিক উত্তর প্রদেশে, যেখানে মুলায়ম ও মায়াবতীকে অস্বীকার করা সম্ভব নয়? সত্যদেও ত্রিপাঠির ব্যাখ্যায়, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছে মোদি একটা বিরাট জুয়া। এবং সেই জুয়ায় সংঘ পরিবার যে জাতপাতের আগলটা ভাঙতে পেরেছে, রাজ্যের প্রথম তিন দফার ভোট তার প্রমাণ।’ কী রকম? ত্রিপাঠির কথায়, ‘বিজেপি সাধারণত উচ্চবর্ণের দল। কিন্তু অনগ্রসর মোদিকে এগিয়ে দিয়ে বিজেপি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সমর্থনের ভিত্তিমূলে ঘা মেরেছে। পাশাপাশি মোদির জন্যই ছোট ছোট জনগোষ্ঠী, যেমন—কুর্মি, লোধ, পটেল, গোন্ড, কাহার, কুমহার, গড়ড়িয়া প্রমুখও মায়াবতী, মুলায়মদের ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছে। মোদিকে সামনে রেখে এটাই বিজেপির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।’
এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (সামাজিক কারসাজি) দৌলতেই বিজেপি রাজ্যের দুটি মাত্র আসনকে বাদ দিয়ে প্রায় সর্বত্র পাখা মেলার আশা করছে। ওই দুই আসন হলো রায়বেরিলি ও আমেথি। গান্ধী পরিবারের খাসতালুক এই দুটি আসনে বিজেপি সেভাবে পা ফেলতে আগ্রহী নয়। মায়াবতী কটাক্ষ করেছেন, ‘এতই যখন মোদির কংগ্রেসবিরোধিতা, তখন তো উনি আমেথি থেকেই দাঁড়াতে পারতেন?’ বিজেপি মায়াবতীর কটাক্ষ হজম করে কোনো উত্তর দেয়নি। এটা যেমন সত্য, তেমন এটাও সত্য যে আমেথি ও রায়বেরিলিতে মোদি তো বটেই, দলের অন্য কেউই প্রচারে সময় দিতে রাজি নন। এমনকি আম আদমি পার্টির কুমার বিশ্বাসও হতাশ হয়ে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল তাঁকে আমেথিতে বলির পাঁঠা বানিয়েছেন।
রায়বেরিলি ও আমেথি কেন এত গান্ধীপ্রিয়, তা দেখতে সেখানে যেতেই হবে।