তিন ঘণ্টায় ৫০ হাজার সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজনীতিতে চমক জাগানো দল আম আদমি পার্টি (এএপি) সদস্য সংগ্রহ অভিযানেও চমক দেখিয়েছে। মাত্র তিন ঘণ্টায় দলটির সদস্য হতে ৫০ হাজার ব্যক্তি আবেদন ফরম পূরণ করেছেন। এএপির একজন নেতা গতকাল শনিবার এ তথ্য জানান।
আগামী মে মাসের মধ্যে ভারতে লোকসভা নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে এএপি। ২৬ জানুয়ারির মধ্যে অন্তত এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দলটি।
এএপির জ্যেষ্ঠ নেতা গোপাল রায় গতকাল জানান, সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু করার তিন ঘণ্টার মধ্যেই এএপির সদস্যপদ চেয়ে করা প্রায় প্রায় ৫০ হাজার আবেদন পাওয়া গেছে। তিনি বলেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে এএপির সাফল্য ভারতজুড়ে সৎ রাজনীতির আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে। এ কারণেই আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। ভারতের অনেক মানুষই এখন এএপির সদস্য হয়ে দেশের পক্ষে কাজ করার সুযোগ চাচ্ছেন।’
সরকারি চাকরি ছেড়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে নামার পর এএপি গঠন করা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ভারতের রাজনীতিতে চমক দেখান। এবার লোকসভা নির্বাচনে চমক দেখানোর লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু করেছে তাঁর দল এএপি।
রাজনৈতিক বিশ্লেষকেরা কেজরিওয়ালের উত্থানকে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন। এএফপি।