ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান দুই প্রার্থী প্রণব মুখার্জি এবং পি এ সাংমার মধ্যে তৃণমূল কংগ্রেস কাকে সমর্থন দেবে, এ নিয়ে এখন জোরালো গুঞ্জন চলছে সে দেশে। এ ব্যাপারে দলটির নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মুখ খোলেননি। তবে নির্বাচনের তিন দিন আগে তাঁদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি।ভারতের দ্য হিন্দু পত্রিকার খবরে গতকাল মঙ্গলবার বলা হয়, ১৯ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান দুই প্রার্থী প্রণব মুখার্জি এবং পি এ সাংমার মধ্যে কাকে বেছে নেবে তৃণমূল, এ নিয়ে দলটিও দ্বিধায় ভুগছে। গতকাল দলের এমপি ও বিধায়কদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মমতা বলেন, নির্বাচনের তিন দিন আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।রাষ্ট্রপতি পদের প্রভাবশালী দুই প্রার্থী প্রণব মুখার্জি এবং পি এ সাংমা তৃণমূল কংগ্রেসের সমর্থন পেতে চাইছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালে প্রণব পশ্চিমবঙ্গের জন্য মমতার চাহিদামতো অর্থ সহায়তা দেননি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী সাংমাকে সমর্থন করাটাও কঠিন হবে তৃণমূলের জন্য।সাংমার মনোনয়নপত্র গৃহীতপি এ সাংমার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গতকাল মঙ্গলবার গ্রহণ করা হয়েছে।কর্মকর্তারা জানান, সাংমার মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর রিটার্নিং কর্মকর্তা ও রাজ্যসভার মহাসচিব ভি কে অগ্নিহোত্রি তা গ্রহণ করেছেন। তাঁরা বলেন, সাংমার প্রস্তাবক ও সমর্থকদের তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন কেউ কেউ। কিন্তু তা আমলে নেননি রিটার্নিং কর্মকর্তা।আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীদের মনোনয়নপত্র ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল গত সোমবার। কিন্তু সাংমা ও ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জির বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় রিটার্নিং কর্মকর্তা এক দিন সময় বাড়িয়ে দেন।প্রণব মুখার্জির প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে সাংমা বলেছেন, সাবেক অর্থমন্ত্রী প্রণব ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটের (আইএসআই) চেয়ারম্যান ছিলেন। এই অভিযোগের জবাব দিতে প্রণবকে সময় দেওয়া হয়েছে। পিটিআই।