তিন বছর ধরে ঘরে স্বামীর লাশ!
স্বামী মারা গেছেন তিন বছর আগে। তার পরও স্ত্রীর আশা, আবার জীবিত হবেন তিনি। তাই শেষকৃত্য না করে লাশ ঘরে রেখে দিয়েছেন। মধ্য রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে অনুসন্ধান চালানো একটি তদন্ত দল গত সোমবার এ কথা প্রকাশ করেছে।তদন্ত কর্মকর্তারা জানান, ওই মৃত ব্যক্তি একজন ধর্মপ্রচারক ছিলেন। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে ওই গ্রামে বাস করতেন। ২০০৯ সালে তিনি মারা যান। তদন্ত দলটি জানায়, ২০০৯ সালের ১৪ আগস্ট থেকে ২০১২ সালের ২ জুলাই পর্যন্ত মৃতদেহটি অ্যাপার্টমেন্টের একটি কক্ষের বিছানায় শুইয়ে রাখা হয়। বাড়ির গৃহকর্ত্রী মানসিক ভারসাম্যহীন। তিনি স্কুলগামী সন্তানদের বিষয়টি কাউকে না বলার নির্দেশ দেন। প্রতিদিন ওই বিধবা নিজের হাতে তৈরি তরল খাবার মরদেহের মুখে দেওয়ার জন্য সন্তানদের দিতেন। সন্তানদের বাবার লাশের ‘দেখাশোনা’ করার নির্দেশ দিলেও তিনি নিজে লাশের ঘরে কখনো যেতেন না। তাঁর ধারণা, তিনি সেখানে গেলে স্বামীর জেগে ওঠা বাধাগ্রস্ত হতে পারে।কর্মকর্তারা বলেছেন, সন্তানেরা মায়ের মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিল। তারা জানত, তাদের বাবা মারা গেছেন। তবে মাকে ঠিক রাখার জন্য বলত, বাবা খাবার খেয়েছে এবং তাদের সঙ্গে কথাও বলেছে। লাশের দুর্গন্ধ থেকে বাঁচতে তারা ঘরে সুগন্ধি ব্যবহার করত। এএফপি।