তিন মাসের মধ্যে লোকসভা নির্বাচন হবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লোকসভা নির্বাচন আর খুব বেশি দূরে নেই। তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তৃণমূল আবার রেলওয়ে মন্ত্রণালয় পাবে। তিনি বলেন, অপমানের প্রতিশোধ কীভাবে নিতে হয়, তা এই বাংলার মানুষ জানে।গত শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল মহিলা কর্মীদের এক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।সমাবেশে মমতা বলেন, ‘কংগ্রেস, সিপিএম ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট বেঁধে তৃণমূলের বিপক্ষে লড়তে আসবে। আমরা গ্রামের মানুষের একতা নিয়ে এই জোটের বিরুদ্ধে এগিয়ে যাব। তৃণমূলকে কেউ সরাতে পারবে না। এর শিকড় অনেক গভীরে।’ তিনি বলেন, ‘রেলে থাকার সময় অনেক কাজ করেছি। আর যেসব কাজ বাকি আছে, তা শেষ করা হবে।’ এ সময় তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বানও জানান।