তিন রাজনৈতিক শব্দের উৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট, ক্যান্ডিডেট বা প্রার্থী এবং পার্লামেন্ট—সাধারণ নির্বাচনে বহুল আলোচিত এই তিন শব্দের উৎপত্তি কীভাবে?
ভোট: পছন্দের প্রার্থীর পক্ষে মতপ্রকাশ অর্থে ব্যবহৃত হয় এই শব্দ। এটি এসেছে লাতিন শব্দ ভোটাম থেকে, যার অর্থ শপথ। ধর্মীয় ভাবনা থেকে কোনো কিছু উৎসর্গ করা বা ব্রত (ভোটিভ) এবং ভক্ত (ভোটারি) শব্দের সঙ্গেও ভোট শব্দটির ভাবের মিল রয়েছে। সপ্তদশ শতকের আগ পর্যন্ত ভোট শব্দটির প্রচলন ইংল্যান্ডের চেয়ে স্কটল্যান্ডেই বেশি ছিল। ষোড়শ শতকে শব্দটি কোনো সিদ্ধান্ত নেওয়া বা নির্ধারণ করা অর্থে ব্যবহৃত হতে থাকে। তখন শব্দটির বানান ছিল ইংরেজি ভিওআইটি।
ক্যান্ডিডেট: নির্বাচনে প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী অর্থে ব্যবহৃত ক্যান্ডিডেট শব্দটিও এসেছে লাতিন ক্যান্ডিডেটাস থেকে, যার মানে ‘উদ্ভাসিত’। প্রাচীন শব্দটি উজ্জ্বল সাদা আলোর দীপ্তি থেকে শুরু করে বিশুদ্ধতা, সততা ও অকপটতার মতো অর্থও প্রকাশ করে। সপ্তম শতকের ধর্মযাজক আইসিডোর লিখেছেন, ক্যান্ডিডেটরা উজ্জ্বল সাদা রঙের পোশাক পরতেন।
পার্লামেন্ট: শব্দটির সাম্প্রতিক ইতিহাস বেশ সোজাসাপটা হলেও আদি ইতিহাস কৌতূহলোদ্দীপক। এটিও এসেছে লাতিন ভাষা থেকে, যার অর্থ কথা বলা। এর মিল রয়েছে ফরাসি শব্দ পার্লে-ভুর (কথা বলা) সঙ্গে। মধ্যযুগের প্রথম পর্যায়ে কোনো শাসকের আলোচনা (পার্লেমেন্ট বা পার্লামেন্টাম) অর্থে পার্লামেন্ট শব্দটি ব্যবহৃত হতো। আরও আগের ইতিহাস ঘেঁটে স্প্যানিশ ভাষার পালাব্রা বা আদি ইংরেজির ‘পালাভের’ (বাদানুবাদ) শব্দটিকেও পার্লামেন্টের উৎস হিসেবে গণ্য করা যায়। আবার গ্রিক ভাষার প্যারাবোলা শব্দটি থেকেও পার্লামেন্ট শব্দটির উৎপত্তি বলে কেউ কেউ মনে করেন। ইংরেজিতে প্যারাবোলা মানে অধিবৃত্ত হলেও মূল গ্রিক ভাষায় তা দুটি জিনিসকে পাশাপাশি রাখাকে বোঝায়। সূত্র: বিবিসি।