তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি

সকাল দেখে যদি দিনের হদিস ঠিকঠাক মেলে, তাহলে বলা যায়, আগামী বছর ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি অবশ্যম্ভাবী। গতকাল রোববার প্রকাশিত চার রাজ্যের মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লির বিধানসভার ফলাফলে কংগ্রেস পর্যুদস্ত। ছত্তিশগড়ে হারলেও তা কিছুটা সম্মানজনক।
এই ‘মিনি সাধারণ নির্বাচনে’ কংগ্রেসের এই বিপর্যস্ত হাল যদি হয় প্রথম বিস্ময়, তাহলে দ্বিতীয় বিস্ময় হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) চমকপ্রদ উত্থান। মাত্র নয় মাস আগে দল গঠন করে দিল্লি নির্বাচনে অংশ নিয়ে কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রীকে ২২ হাজার ভোটে হারানো এবং একই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া—ভারতীয় নির্বাচনী ইতিহাসে এমনটি আগে কখনো ঘটেনি।
চার রাজ্যের মধ্যে দিল্লি ও রাজস্থান কংগ্রেসের এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিজেপির দখলে ছিল। ভোটের ফলের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, রাজস্থান ও মধ্যপ্রদেশে বিজেপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাচ্ছে। ছত্তিশগড়ে ব্যবধান অবশ্য সামন্যই।
নয় মাস আগে আন্না হাজারেকে ছেড়ে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি গড়ে দিল্লি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন। ৭০ আসনের দিল্লি বিধানসভায় এএপি ২৭ থেকে ২৯টি আসন পেতে পারে। বিজেপি ৩৩ এবং কংগ্রেস আট আসন পেতে পারে। দুজন স্বতন্ত্র প্রার্থী জিততে পারেন। সরকার গড়তে প্রয়োজন ৩৬ আসন।
এবার চার রাজ্যের নির্বাচনে নরেন্দ্র মোদির প্রভাব কতটা পড়েছে, এখন সেই গবেষণা চলছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে দুই-তৃতীয়াংশ আসন পেলেও মোদি-ঝড় পরিলক্ষিত হয়নি। কারণ মোদির নামে ঝড় উঠলে ছত্তিশগড় ও দিল্লি তার বাইরে থাকত না।
কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী দলের বিপর্যয়ের দায় নিয়ে বিরোধীদের অভিনন্দন জানিয়েছেন। সোনিয়া ও রাহুল বলেন, এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করবেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব আসনের ফলাফল ঘোষণা হয়নি। তবে ঘোষিত ও এগিয়ে থাকা আসন মিলিয়ে দিল্লিতে ৭০ আসনের মধ্যে বিজেপি ৩২, এএপি ২৭, কংগ্রেস ৮ ও অন্যান্য প্রার্থী তিন আসন পাচ্ছে। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি ১৫৭, কংগ্রেস ২৫ এবং অন্যান্য প্রার্থী ১৭ আসন পাচ্ছেন। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি ১৫৭, কংগ্রেস ৬২ এবং অন্যান্য প্রার্থী ১১ আসনে জয়ী হচ্ছেন। অন্যদিকে ছত্তিশগড়ে ৯০ আসনের মধ্যে বিজেপি ৪৪, কংগ্রেস ৪৩ এবং অন্যান্য প্রার্থী তিন আসন পেতে পারেন।