তিন রাজ্যে জিতে রমনির অবস্থান আরও সুসংহত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশীদের লড়াইয়ে নিজের অবস্থান আরও সুসংহত করলেন মিট রমনি। গত মঙ্গলবার অনুষ্ঠিত তিনটি অঙ্গরাজ্যে দলের প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছেন তিনি।মঙ্গলবার ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও উইসকনসিন অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসির ফলাফলে দেখা যায়, রমনি ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। উইসকনসিনে রমনি পেয়েছেন ৪২ দশমিক ৫ শতাংশ ভোট। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম ৩৭ দশমিক ৭ শতাংশ ভোট পান। তিন অঙ্গরাজ্যের মধ্যে এখানেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সবচেয়ে বেশি। মেরিল্যান্ডে রমনির ৪৮ শতাংশ ভোটের বিপরীতে স্যান্টোরাম পান ২৯ শতাংশ। অন্য দুই প্রতিদ্বন্দ্বী নিউট গিংরিচ ও রন পল তিন অঙ্গরাজ্যেই তুলনামূলক অনেক পিছিয়ে গেছেন।সব মিলিয়ে এ পর্যন্ত ৩৭টি অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হলো। এতে রমনি জয় পেলেন ২৪টিতে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্টোরাম জিতেছেন ১১টিতে। প্রার্থিতা নিশ্চিত করতে এক হাজার ১১৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন। এই তিন অঙ্গরাজ্যে জয়ের ফলে রমনি ৬২৫ জনের সমর্থন পেলেন। রমনির চেয়ে অর্ধেকেরও কম ২৭৮ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন স্যান্টোরাম।তিন অঙ্গরাজ্যে জয়ের পর রমনি তাঁর ভাষণে প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করেন। বন্ধকি বাড়ি দখল, সরকারি ঋণ ও গ্যাসের দামের জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। রমনি বলেন, গত কয়েক বছরে নেতৃত্বের ভুল ও ব্যর্থতায় দেশের পরিস্থিতি অনেক কঠিন হয়ে উঠেছে। ওবামার প্রশাসনের আমলে সবচেয়ে বেশি লোক চাকরি হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।রমনির অবস্থান সুসংহত হওয়ায় রিপাবলিকান অনেক নেতাই দলীয় ঐক্যের কথা বলে স্যান্টোরামকে লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। তবে স্যান্টোরাম লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।আগামী নির্বাচনে রমনিকে প্রতিদ্বন্দ্বী ধরে নিয়ে তাঁর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। এই প্রথম রমনির নাম উল্লেখ করে সমালোচনা করলেন তিনি।গাণিতিকভাবে রমনির প্রার্থিতা এখনো নিশ্চিত হয়নি। তবে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিতা দেখে মনে হচ্ছে, রমনি ছাড়া আর কারও পক্ষে প্রার্থিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন পাওয়া সম্ভব নয়।রিপাবলিকান পার্টির পরবর্তী প্রাথমিক বাছাই ২৪ এপ্রিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে। এখানে হারলে রিক স্যান্টোরামের যে গাণিতিক সম্ভাবনা আছে, তা-ও শেষ হয়ে যাবে। স্যান্টোরাম এই অঙ্গরাজ্যের সাবেক সিনেটর বলে এখানে তাঁর জয়লাভের সম্ভাবনা বেশি।আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক স্পিকার নিউট গিংরিচ মাত্র দুটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। তার পরও লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি। গত মঙ্গলবার তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এএফপি ও বিবিসি।