তিন রাজ্যেই বিজেপির জয়ের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষের দিকে ভারতের চারটি রাজ্যে (দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসন্ন ওই বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যেই প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হতে পারে বলে টাইমস নাউ-সি এর এক জরিপে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই জরিপের ফল প্রকাশিত হয়েছে। 

জরিপে বলা হয়েছে, কেবল দিল্লিতে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ ভিন্ন হতে পারে। এতে বলা হয়, দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ৩০টি আসনে। কংগ্রেস পেতে পারে ২৯টি আসন। এবার এই রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কংগ্রেসের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এই দল জিততে পারে সাতটি আসন। রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।

জরিপে বলা হয়, রাজস্থানে রাজ্যের ২০০টি আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৬৪টি আসন আর বিজেপি পেতে পারে ১১৮টি আসন। মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি। এই রাজ্যের ২৩০টি আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৮৪টি আসন। আর বিজেপির জেতার সম্ভাবনা ১৩০টি আসনে। আর ছত্তিশগড় রাজ্যে এখন ক্ষমতায় আছে বিজেপি। এই রাজ্যের ৯০টি আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৪০টি আসনে আর বিজেপি জিততে পারে ৪৭টি আসনে।                         

জরিপে আরও বলা হয়, দিল্লির ৫৫ শতাংশ, রাজস্থানের ৪৮ শতাংশ এবং মধ্যপ্রদেশের ৫৯ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী হিসাবে মোদিকে দেখতে চাইছে।

ওই চার রাজ্যে রয়েছে লোকসভার ৭২টি আসন। এবার এই চার রাজ্যে লোকসভায় কংগ্রেসের আসন কমতে পারে ২০ থেকে ২৫টি।  আর বিজেপির বাড়তে পারে ২০টি আসন।