তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন চিদাম্বরম
মাওবাদীদের হামলা সামাল দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ফের মাওবাদীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাওবাদীরা ৭২ ঘণ্টার জন্য হিংসা বন্ধ রাখলেই ভারত সরকার আলোচনার জন্য ইতিবাচক সাড়া দেবে। তিনি জানান, ‘মাত্র ৭২ ঘণ্টা সময় চাই। এর মধ্যে সবার সঙ্গে আলোচনা করে একটা রাস্তা খুঁজে বের করব।’ তবে মাওবাদীরা ওই আহ্বানে সাড়া দেবে কি না, তা গতকালও মাওবাদী শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করেননি। তবে মাওবাদীদের মোকাবিলায় ভারত সরকারের উদ্যোগের সঙ্গে মাও-প্রভাবিত পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীরা একমত কি না, তা জানতে ওই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পি চিদাম্বরম দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। ৯ ফেব্রুয়ারি কলকাতায় চিদাম্বরম চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেও সেই বৈঠকে ঝাড়খন্ড ও বিহারের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন না। এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা মাওবাদীদের বিরুদ্ধে আগ্রাসী অভিযানের পক্ষে নন—তাঁরা বিভিন্ন সময় এ ইঙ্গিতও দিয়েছেন।