তিন লাখ কিলোমিটার দৌড়েছেন মোদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদি ভোটের প্রচারে তিন লাখ কিলোমিটার পথ দৌড়িয়েছেন। লোকসভা নির্বাচনে ভোটের জন্য হন্য মোদি গত বছরের সেপ্টেম্বর মাসে এই দৌড় শুরু করেন।
বিজেপির দাবি, মোদিই ভারতের একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী পদে জয়ী হওয়ার প্রচারে এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। শুধু তা-ই নয়, মোদি এই প্রচারের লক্ষ্যে পাঁচ হাজার ৮২৭টি সভাও করেছেন। ভারতীয় নির্বাচনের ইতিহাসে তিনিই প্রথম এই রেকর্ড সৃষ্টি করলেন। তিনি তাঁর দুই নির্বাচনী কেন্দ্র বারানসি ও ভদোদরায় দুটি বিশাল রোড শোতে অংশ নিয়েছেন। গত নয় মাসে মোদি ৫-১০ কোটি মানুষের মুখোমুখি হয়েছেন। তিনি সবচেয়ে বেশি জনসভা করেছেন উত্তর প্রদেশে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ১৫ সেপ্টেম্বর হরিয়ানা রাজ্যের রিওয়ারিতে সাবেক সরকারি কর্মীদের এক সমাবেশ থেকে তিনি প্রথম তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। আর ১০ মে উত্তর প্রদেশের বালিয়াতে শেষ করেন তাঁর নির্বাচনী জনসমাবেশ। এই জনসমাবেশে মোদি বলেন, ‘আমি ছুটে চলেছি মানুষের স্নেহ-ভালোবাসায়। এই স্নেহ-ভালোবাসা আমাকে এগিয়ে চলতে সাহায্য করেছে।’