মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণে বিপুল পরিমাণ তেল সাগরের পানিতে মিশে যাওয়ায় ওই এলাকার সামুদ্রিক পাখিদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। গত সোমবার বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়া তেলের শিকার এ পর্যন্ত তিন শতাধিক মৃত পাখি পাওয়া গেছে, যেগুলোর বেশির ভাগ বাদামি পেলিকান ও উত্তরাঞ্চলীয় জ্যানেট।কর্মকর্তারা জানান, লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা ও ফ্লোরিডার উপকূলে এ পর্যন্ত ৩১৬টি মৃত পাখির সন্ধান মিলেছে। এর সঙ্গে জীবিতাবস্থায় উদ্ধারের পর বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে রাখা আরও ১০টি পাখি মারা গেছে। এ ছাড়া শরীরে তেল মাখা অবস্থায় আরও ৩১টি পাখি উদ্ধার করা হয়েছে। মৃত পাখিগুলোর খসড়া তালিকাটি করে মার্কিন মত্স্য ও বন্য প্রাণী সেবা সংস্থা। তাদের তালিকায় থাকা পাখিদের মধ্যে তেলের কারণে মৃত পাখির নমুনাও রয়েছে। লুইজিয়ানার ফোর্ট জ্যাকসন এলাকায় পাখিদের জন্য একটি উদ্ধারকেন্দ্রের পরিচালক জে হলকম্ব বলেন, তেলক্ষেত্র থেকে নিঃসৃত তেলই মৃত্যুর কারণ—এমন চিহ্ন অনেক মৃত পাখির মধ্যে থাকলেও অনেক পাখির মধ্যে আবার এই দূষণজনিত কারণের প্রত্যক্ষ কোনো চিহ্ন নেই। তবে এগুলোর মৃত্যুর কারণ হিসেবে তেলক্ষেত্রে দুর্ঘটনার পর সৃষ্ট দূষণকেই ধরা হচ্ছে। তেল নিঃসরণের কারণেই পাখিদের মৃত্যু হয়েছে কি না, তা জানতে নমুনাগুলো আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে তিনি জানান।হলকম্ব আরও জানান, বাচ্চা ফুটানোর মৌসুম থাকায় সামুদ্রিক পাখিদের মৃত্যুর হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এর মধ্যে যদি কোনো ঘূর্ণিঝড় এসে তেল নিঃসরণের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। তিনি বলেন, পানিতে তেলের পরিমাণ অনেক বেশি। পাশপাশি তেল বেরিয়ে আসা অব্যাহত রয়েছে। তাই আশঙ্কাও বেশি।উপসাগরীয় এলাকায় তেল ছড়িয়ে পড়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সব পাখি, যেগুলো পানিতে ডুব দিয়ে মাছ ধরে। এদের মধ্যে বাদামি পেলিক্যান ও উত্তরাঞ্চলীয় জ্যানেট অন্যতম। তবে তেল জলাভূমি ও সৈকত স্পর্শ করায় উপকূলীয় এলাকার অন্যান্য জাতের পাখিও ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া সামুদ্রিক প্রাণীদের মধ্যে কচ্ছপ, ডলফিন ও তিমি হুমকির মুখে থাকা প্রাণীদের তালিকার প্রথম দিকে রয়েছে। বন্য প্রাণী কর্মকর্তারা জানান, গত সপ্তাহ পর্যন্ত দেড় শ মৃত কচ্ছপ পাওয়া গেছে। রয়টার্স।