তিন সপ্তাহ ধরে সাগরে একা
সাগরে টুনা মাছ ধরতে গিয়েছিলেন বেনেডিক্ট জর। পাপুয়া নিউ গিনির জেলে তিনি। হঠাৎ করে বৈরী হয়ে ওঠে আবহাওয়া। ঝোড়ো বাতাস ও মাতাল ঢেউয়ের তোড়ে দূর অজানায় ভেসে যায় ২০ বছর বয়সী এই তরুণের নৌকা। শুরু হয় তাঁর জীবন রক্ষা করার এক কঠিন লড়াই। খাবার বলতে ছিল শুধু নারকেল ও জমিয়ে রাখা বৃষ্টির পানি। এভাবে তিন সপ্তাহ প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকেন তিনি। তারপর তাঁকে নতুন করে বেঁচে থাকার পথ দেখান একদল উদ্ধারকারী।অস্ট্রেলীয় একটি মালবাহী জাহাজের নাবিকেরা উদ্ধার করেন বেনেডিক্ট জরকে। জর জানান, খোলা সাগরে যখন তিনি বেঁচে থাকার কঠিন অগ্নিপরীক্ষা দিচ্ছিলেন, এ সময় কয়েকটি মালবাহী জাহাজ তাঁর নৌকার আশপাশ দিয়ে চলে যায়। তবে তাঁর চিৎকার কোনো নাবিকের নজর কাড়তে পারেনি। অবশেষে সেন্ট অ্যান্ড্রু প্রণালিতে চীন থেকে মেলবোর্নগামী অস্ট্রেলীয় জাহাজের নাবিকেরা জরের আবেদনে সাড়া দেন। এ সময় পাপুয়া নিউ গিনির উপকূল থেকে ৯০ কিলোমিটারের বেশি দূরে উল্টে যাওয়া নৌকার ওপর ভাসছিলেন জর। তিনি তখন পানিশূন্যতায় ভুগছিলেন। তাঁর শরীরের তাপমাত্রাও অনেক কমে গিয়েছিল। উদ্ধারকারীরা তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া দেন। এতে সুস্থ হয়ে ওঠেন তিনি। জর জানান, নৌকায় কিছু নারকেল ছিল, ছিল একটি ছোট পাত্র, আর ছিল কিছু কলাপাতা। এই নারকেল দিয়ে তিনি ক্ষুধা মিটিয়েছেন, তৃষ্ণা মিটিয়েছেন পাত্রে জমানো বৃষ্টির পানি পান করে। খুব জোরে বৃষ্টি নামলে কলাপাতায় নিজেকে আড়াল করার চেষ্টা করতেন তিনি। নৌকাটি ফুটো থাকায় হরদম তাঁকে পানি সেচতে হতো। একবার তো ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টেই যায়। এ সময় সাঁতরে নৌকার উল্টো পিঠেই আশ্রয় নেন তিনি। জর জানান, এভাবে যে তিনি প্রাণে রক্ষা পাবেন, তা আশাই করেননি। বিবিসি, স্কাই নিউজ।