২০৫০ সালের মধ্যে প্রতি তিন সেকেন্ডে একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে প্রাণঘাতী শক্তিশালী জীবাণু। এখনই বিশ্বব্যাপী প্রতিরোধ-ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এসব জীবাণু ভয়াবহ আকার ধারণ করবে বলে মন্তব্য করা হয়েছে সম্প্রতি প্রকাশিত হওয়া এক গবেষণায়। ইংরেজিতে ‘সুপারবাগ’ হিসেবে উল্লেখ করা এ জীবাণুগুলো হবে এমন মারাত্মক, প্রচলিত ওষুধে তা দমন করা যাবে না। এগুলোকে গবেষণায় ‘জঙ্গিবাদের মতোই ঝুঁকিপূর্ণ’ বলা হয়েছে। এগুলোর কারণে প্রচলিত ওষুধ যেন ‘অন্ধকার যুগে নিক্ষিপ্ত হওয়ার মতো’ পরিস্থিতিতে না যায়, তা নিশ্চিত করতে একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে শত শত কোটি ডলার ব্যয় হবে। গবেষণাটিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারে একটি বৈপ্লবিক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে। ২০১৪ সালের মাঝামাঝি জীবাণুর কারণে সৃষ্ট রোগব্যাধির ওপর অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে ওই গবেষণা শুরু হয়েছিল। এটি বিশেষজ্ঞদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ২০৫০ সালের দিকে পরিস্থিতি আরও খারাপ হবে। ওই সময় বিশ্বজুড়ে প্রতিবছর এক কোটিরও বেশি মানুষ জীবাণু সংক্রমণের কারণে মারা যাবে।