তিন ‘গুপ্তচর’ আটকের দাবি করেছে হিজবুল্লাহ
তিনজন গুপ্তচরকে আটক করার দাবি করেছেন লেবাননের কট্টরপন্থী শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরাল্লাহ। তিনি বলেছেন, এর মধ্যে দুজনকে নিয়োগ দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। তবে লেবাননের মার্কিন দূতাবাস এই অভিযোগ নাকচ করে দিয়েছে।টেলিভিশনে প্রচারিত ভাষণে নাসরাল্লাহ দাবি করেন, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি করার জন্য সিআইএ ওই ব্যক্তিদের নিয়োগ দেয়। হাসান নাসরাল্লাহ বলেন, মার্কিন দূতাবাসের সিআইএ কর্মকর্তারা হিজবুল্লাহরই অন্তত দুজন সদস্যকে অর্থের বিনিময়ে দলটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য নিয়োগ দেয়। অন্যজনকে কারা নিয়োগ দিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত চলছে। হিজবুল্লাহ নেতা আরও বলেন, বৈরুতের মার্কিন দূতাবাস লেবাননের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে গুপ্তচর নিয়োগ দিয়েছে। আটক তিন ব্যক্তি গুপ্তচরবৃত্তি করার কথা স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইগাল পালমোর বলেন, এই অভিযোগের ব্যাপারে মন্তব্য করে তিনি একে ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে তুলে ধরতে চান না।বৈরুতের মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহর অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। রয়টার্স।