নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন আসামি আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। দিল্লির একটি আদালতে গতকাল বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার দ্বিতীয় দিনের শুনানিকালে তাঁরা এ দাবি করেন।তিন অভিযুক্ত রাম সিং, মুকেশ সিং ও অক্ষয় ঠাকুরের আইনজীবী মনোহর লাল শর্মা গতকাল আদালতে অভিযোগ করেন, পুলিশ তাঁর মক্কেলদের নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে। তা ছাড়া পুলিশি তদন্তে অসংগতিও খুঁজে পাওয়া গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ওই মেডিকেলছাত্রী (২৩)। পরে তাঁকে ও তাঁর বন্ধুকে বেদম মারধর করে বাস থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই ছাত্রী। এ ঘটনায় বাসচালক রাম সিং, তাঁর ভাই মুকেশ সিং, ফলবিক্রেতা পবন গুপ্ত, শরীরচর্চার প্রশিক্ষক বিনয় শর্মা ও বাসের পরিচ্ছন্নতাকর্মী অক্ষয় ঠাকুরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অপহরণ, গণধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। ষষ্ঠ অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় কিশোর আদালতে তার মামলা চলবে।আইনজীবী শর্মা বলেন, তাঁর এক মক্কেলকে ১০ দিন ধরে নির্যাতন করা হয়েছে। ২২ বছর বয়সী ওই মক্কেলকে তাঁর বাড়ি থেকে ধরে এনে জোরজবরদস্তি করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ওই মক্কেল এখন কথা বলতে পারছেন না। শর্মা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের সবাইকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাঁরা আদালতে যে বিবৃতি দিয়েছেন তা চাপের মুখে আদায় করা।এ ব্যাপারে দিল্লি পুলিশের মুখপাত্র রজন ভগত আইনি বাধ্যবাধকতার কারণ দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্ত ব্যক্তিদের তিনজন নিজেদের নির্দোষ দাবি করলেও পবন গুপ্ত ও বিনয় শর্মা নিজেদের নির্দোষ দাবি করবেন কি না কিংবা তাঁদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার জন্য কোনো আইনজীবী নিয়োগ করবেন কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে কৌঁসুলিরা জানান, অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে তাঁদের কাছে যথেষ্ট ফরেনসিক প্রমাণ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে সব আসামির। পিটিআই, বিবিসি ও এএফপি।