তিনজনের সদস্যপদ বাতিল
দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ভারতের সাবেক রেলমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব এবং জনতা দলের (জেডি-ইউ) নেতা জগদীশ শর্মার লোকসভার সদস্যপদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। স্পিকার মীরা কুমার গত সোমবার এ বিষয়ে এক নোটিশ জারি করেছেন।
বিহারের ১৭ বছর আগের আলোচিত গোখাদ্য কেলেঙ্কারির মামলায় রাঁচির একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন লোকসভার সদস্য লালুপ্রসাদ ও জগদীশ। আইন অনুযায়ী তাঁরা সাংসদ হিসেবে অযোগ্য হয়ে পড়েন।
এর আগে কংগ্রেস দল থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ রশিদ মাসুদ একই দিনে পদ হারিয়েছেন। দুর্নীতিসহ অন্যান্য অপরাধের দায়ে তাঁকে গত সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত করা হয়েছিল। নির্বাচিত আইনপ্রণেতাদের এ ধরনের অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির বিধান সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়ার পর রশিদ মাসুদ প্রথম সাংসদ হিসেবে পদ হারালেন। টাইমস অব ইন্ডিয়া।