তিনটি করে কলা খেলে স্ট্রোকের ঝুঁকি কমে!
রোজ তিনটি করে কলা খেলে মস্তিষ্কে স্ট্রোকের ঝুঁকি কমে। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলের ভিত্তিতে এমন দাবি করেছেন যুক্তরাজ্য ও ইতালির গবেষকেরা। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত হয়। ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ও ইতালির নেপলস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যা—এই তিন বেলা তিনটি কলা খেলে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঝুঁকি প্রায় ২১ শতাংশ কমে যেতে পারে। কাজটি করবে কলার ভেতর থাকা পটাশিয়াম। পালংশাক, বাদাম, দুধ, মাছ ও মসুরের ডালের মতো পটাশিয়ামসমৃদ্ধ অন্যান্য খাবার খেয়েও এই ঝুঁকি কমানো যেতে পারে। এই গবেষণায় বিজ্ঞানীরা ১১টি পৃথক সমীক্ষা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেন। গবেষণায় পাওয়া তথ্যের বরাত দিয়ে বিজ্ঞানীরা জানান, প্রতিদিন এক হাজার ৬০০ মিলিগ্রাম পটাশিয়াম একজন পূর্ণ বয়স্ক মানুষের স্ট্রোকের ঝুঁকি এক পঞ্চমাংশ কমানোর জন্য যথেষ্ট। একটি কলায় গড়ে ৫০০ মিলিগ্রাম পরিমাণ পটাশিয়াম থাকে। ডেইলি মেইল অনলাইন।