রোবেন দ্বীপের যে কারাগারে দীর্ঘদিন বন্দীজীবন কাটিয়েছেন নেলসন ম্যান্ডেলা, সেখানকার প্রহরী ছিলেন ক্রিস্টো ব্র্যান্ড। এখন তাঁর বয়স ৫৩ বছর। সেই সময়ের স্মৃতিচারণা করে ব্র্যান্ড বলেন, ‘ম্যান্ডেলা ছিলেন আমার কয়েদি, বন্ধু, প্রেসিডেন্ট ও আমার বাবা।’
ব্র্যান্ড বলেন, ‘ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমার মনে হলো, কারাগার শূন্য হয়ে গেল। তবে তার পরও আমাদের মধ্যে যোগাযোগ ছিল। তিনি আমার কাছে ছিলেন বাবার মতো। আমার কোনো সমস্যা হলে পরামর্শ দিতেন। তিনি আমার কয়েদি ছিলেন, একই সঙ্গে ছিলেন বাবাও। ’
ম্যান্ডেলাকে পরে কেপটাউনের পোলসমুর এবং কেপ ওয়াইনল্যান্ডের ভিক্টর ভের্স্টার কারাগারে স্থানান্তর করা হয়। ম্যান্ডেলার সঙ্গে সেখানে ব্র্যান্ডকেও বদলি করা হয়।
শ্বেতাঙ্গ ব্র্যান্ড বলেন, ‘আমাদের মধ্যে কোনো বর্ণবৈষম্য ছিল না। তিনি একজন মানবিক মানুষ ছিলেন। তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের অনুমতি আমাকে দেওয়া হয়নি। আমাকে আমার চাকরি করতে হয়েছে। তবে বন্ধুত্ব যা হয়েছিল তা হয়েছে কাজের সময় শেষ হলে।’ টাইম লাইভ।