তিনি বেঁচে আছেন চীনের সর্বত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবক মাও সে-তুংয়ের ভাস্কর্য
যুবক মাও সে-তুংয়ের ভাস্কর্য

তাঁর ছবি মুদ্রিত রয়েছে ব্যাংক নোটে। তিয়েনআনমেন গেটেও আছে তাঁর বিশাল প্রতিকৃতি। চীনের কোথায় নেই তাঁর প্রতীকী উপস্থিতি? কমিউনিস্ট বিপ্লবী নেতা মাও সে-তুংয়ের জন্মের পর ১২০ বছর পেরিয়ে গেলেও এভাবেই তিনি বেঁচে আছেন চীনের সর্বত্র।
মাও সে-তুংই চীনে কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠাতা এবং জাতীয় গৌরব ফিরিয়ে আনার পথিকৃৎ। অবশ্য তাঁর শাসনব্যবস্থার বৈশিষ্ট্য থেকে দেশটি এখন অনেকটা দূরে সরে গেছে। তবে ৩৭ বছর আগে প্রয়াত এই নেতার জন্মবার্ষিকী আগামী বৃহস্পতিবার যথাযথ গুরুত্বের সঙ্গেই উদ্যাপন করছে সরকার। এই দীর্ঘ সময়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে গেছে এশিয়ার এই পরাশক্তি।
বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি মাওয়ের আদর্শের উচ্ছ্বসিত প্রশংসা করে দুর্নীতিবিরোধী লড়াইয়ে তা অনুসরণের আহ্বান জানান। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ঝাং লিফান বলেন, মাওকে স্মরণের মধ্য দিয়ে সরকার নিজ শাসনব্যবস্থার বৈধতা উপস্থাপনের চেষ্টা করছে।
মাওকে নিয়ে নানা আলোচনা সভা, সম্মেলন, প্রদর্শনী, কনসার্ট ও বিশেষ টেলিভিশন অনুষ্ঠান হচ্ছে দেশজুড়ে। মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের শাওশান গ্রামে মাওয়ের বাড়িটি রয়েছে সবার নজরে। স্থানীয় অর্থনীতি অনেকটা আবর্তিত হয় মাওকে ঘিরে। পর্যটকদের আকর্ষণ করতে ওই এলাকার বিভিন্ন জাদুঘর, ঐতিহাসিক স্থান সংস্কার ও নবায়নের কাজে কর্তৃপক্ষ খরচ করছে ২৫০ কোটি মার্কিন ডলার। এ ছাড়া মহাসড়ক, বিদ্যালয় ও অনান্য অবকাঠামোর জন্যও ব্যয় হচ্ছে বিপুল অর্থ।
পর্যটকদের আকর্ষণ করতে মাও সে-তুংয়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান নিয়েও প্রচার চালানো হয় নিয়মিত। শেনঝেন শহরে এক কোটি ৬০ লাখ ডলার ব্যয়ে মাওয়ের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। জীবদ্দশায় কখনোই এতটা প্রচার পাননি মাও সে-তুং। এক থেকে শুরু করে ১০০ ইউয়ান পর্যন্ত প্রায় সব মুদ্রায় তাঁর ছবি ব্যবহূত হচ্ছে।
১৯৪৯ সালে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠা করেন মাও সে-তুং। তাঁকে একজন গেরিলা যোদ্ধা ও জাতীয়তাবাদী নেতা হিসেবেই উপস্থাপন করা হয়ে থাকে। তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া—উভয় পরাশক্তিকে উপেক্ষা করেই চীনকে একটি নতুন ভূ-রাজনৈতিক কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। এপি।