তিনি সবার ‘বড় মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সু ইউহুয়া। বয়স ৫৫ বছর। মাত্র ১২ বছর বয়সে রেলে কাটা পড়ে দুই পা হারান তিনি। ১৭ বছর বয়সে সিয়াংটান অরফান হাউস নামের একটি এতিমখানায় আশ্রয় হয় তাঁর। সেখান থেকেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। চীনের হুনান প্রদেশের ওই এতিমখানায় বিশেষ দুটি টুল ব্যবহার করে হাঁটা শিখেন সু। একপর্যায়ে কাজও করা শুরু করেন। সেখানে আশ্রয় নেওয়া শিশুদের বিভিন্ন কাজে সাহায্য করেন তিনি। শিশুদের জন্য ধোয়া-মোছা, খাওয়ানো, জামা পরিবর্তন এমনকি জুতো তৈরির কাজও করতে থাকেন সু। ৩৮ বছর ধরে এই এতিমখানায় আছেন সু। ৪০টির বেশি টুল ক্ষয় হয়ে গেছে। তবে এখন তিনি সেখানে আগের মতো শুধু একজন আশ্রিত নন। তাঁর অনেক দায়িত্ব। তিনি যে এখন ১৩০টি শিশুর ‘বড় মা’! সু প্রথম যে শিশুটির দায়িত্ব নেন, তার নাম সেং লি। ‘বড় মা আমার জীবন বাঁচিয়েছেন। তিনি না থাকলে আমি অনেক আগেই এই পৃথিবী থেকে হারিয়ে যেতাম। টুলে ভর দিয়ে খুঁট খুট শব্দে আমার কাছে আসতেন তিনি। ওই খুঁট খুঁট শব্দ আমার মনে অসাধারণ এক অনুভূতির জন্ম দিত।’ বড় মা সু সম্পর্কে এভাবেই জানালেন সেং লি।১৯৮৭ সালে লাই জিয়ুইয়ান নামে এক কৃষকের সঙ্গে বিয়ে হয় সুর। তিন বছর পর ছেলে লাই মিংঝির জন্ম হয়। এর পরও তিনি এতিমখানার শিশুদের দেখাশোনার দায়িত্ব পালন করে চলেছেন।সু ইউহুয়া বলেন, ‘আসলে আমি মহান কোনো মানুষ নই। মা-বাবার আদর থেকে বঞ্চিত অসহায় শিশুদের একটু স্নেহ দেওয়ার চেষ্টা করি। ছোটবেলায় যা সবার প্রয়োজন। ’ অরেঞ্জ অনলাইন।