তিব্বতবিষয়ক মার্কিন দূতকে স্বীকৃতি নয়: চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের জন্য যুক্তরাষ্ট্রে নিয়োগ দেওয়া বিশেষ সমন্বয়কারীকে কখনো স্বীকৃতি দেবে না চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার বলেছে, অভ্যন্তরীণ ব্যাপারে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।
তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে গত শুক্রবার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চীনের সরকার ওই বৈঠকের নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে, এতে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের অবনতি হতে পারে।
তিব্বতের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত দালাই লামা বা তাঁর প্রতিনিধিদের সঙ্গে নিঃশর্ত আলোচনা আবার শুরু করতে গত শুক্রবার চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এ ধরনের আলোচনার জন্য সারাহ সেওয়াল নামের একজন কর্মকর্তার নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তিনি তিব্বতবিষয়ক বিশেষ সমন্বয়কারী হিসেবে কাজ করবেন বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
যুক্তরাষ্ট্রের ওই উদ্যোগের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, তথাকথিত তিব্বত সমস্যার ব্যাপারে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করছে চীন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তথাকথিত বিশেষ দূতকে কখনোই মেনে নেওয়া হবে না।
চীনে ১৯৫৯ সালে একটি ব্যর্থ গণ-আন্দোলনের পর ভারতে পালিয়ে যান দালাই লামা। তাঁকে ‘ভেড়ার পোশাক পরিহিত নেকড়ে’ আখ্যা দিয়ে বেইজিং বলেছে, তিনি সহিংস উপায়ে স্বাধীন তিব্বত প্রতিষ্ঠা করতে চান।
তবে দালাই লামা ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি তিব্বতের প্রকৃত স্বায়ত্তশাসন চান, সহিংসতা নয়। রয়টার্স।