তিব্বতে চীনা বাহিনীর ব্যাপক ধরপাকড়, আটক ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর তিব্বতের লাসায় চীনা নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে। এ পর্যন্ত কয়েক শ তিব্বতিকে আটক করা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লাসার বাইরে থেকে যেসব তিব্বতি সেখানে গিয়েছিলেন, তাঁদের ফেরত পাঠানো হয়েছে। গত রোববার লাসার জখাং মন্দিরের বাইরে দুজন তিব্বতি পুরুষ নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। তিব্বতের বাইরে তিব্বতি অধ্যুষিত এলাকায় এর আগে এ রকম ঘটনা অনেকবার ঘটলেও লাসায় এই প্রথম।বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তাঁরা দুজনেই তিব্বতি। তাঁরা লাসার বাইরে থেকে এসে এ ঘটনা ঘটিয়েছেন।এদিকে আরেকটি খবরে বলা হয়েছে, চীনের সিচুয়ান প্রদেশের আবা এলাকায় বুধবার আরেকজন তিব্বতি নারী শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন। তিনি তিন সন্তানের জননী। আবা এলাকায় তিব্বতিদের বসবাস বেশি।মার্কিন সম্প্রচারমাধ্যম রেডিও ফ্রি এশিয়া স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে বলেছে, রোববারের ঘটনার পর লাসায় এ পর্যন্ত ৬০০ তিব্বতিকে আটক করা হয়েছে। লাসায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। তাই আটকের এ সংখ্যার সত্যতা যাচাই সম্ভব হয়নি। আর তিব্বতের যেসব মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করা গেছে, তারাও সংখ্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।ভারতের হিমাচল প্রদেশের ধরমশালায় তিব্বতের নির্বাসিত সরকারের মুখপাত্র থুবতেন সামফেল বলেন, তিনিও লাসায় যোগাযোগ করেছেন। লাসার বাসিন্দারা তাঁকে জানিয়েছেন, ‘সেখানে ধরপাকড় চলছে। আমাদের জানানো হয়েছে, লাসার বাইরের তিব্বতিদের বের করে দেওয়া হয়েছে।’ ধরমশালায় তিব্বতিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির কর্মকর্তা টিসেরিং টিসমো জানিয়েছেন, রোববারের ঘটনা যাঁরা প্রত্যক্ষ করেছেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, জখাং মন্দিরে বিদেশি ও তীর্থযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আত্মাহুতির স্থান ঘিরে রাখা হয়েছে। ২০১১ সালের মার্চ থেকে ৩৫ জনেরও বেশি তিব্বতি তাঁদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। এঁদের মধ্যে অন্তত ২৭ জন মারা গেছেন। বাকিদের অবস্থা জানা যায়নি। এর বেশির ভাগ ঘটনা লাসার বাইরে তিব্বতি অধ্যুষিত অঞ্চলে ঘটেছে। বিবিসি ও রয়টার্স।