তিব্বতে চীনের দমনাভিযান জোরদার
চীনের নিরাপত্তা বাহিনী তিব্বতের রাজধানী লাসায় চলতি মাসে বিরোধীদের ওপর দমনাভিযান জোরদার করেছে। ১৯৫৯ সালের ১০ মার্চ তিব্বতে চীনের শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই দিবসটির স্মরণে বিক্ষোভের আশঙ্কায় এ মাসে ওই অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের খবরে গতকাল বৃহস্পতিবার এ কথা বলা হয়।পুলিশের এক সদস্য লাসার নায়াংগ্রে এলাকা থেকে টেলিফোনে এএফপিকে জানান, চলতি মাসের শুরুর দিকে তিব্বতের স্বাধীনতাকামী ও সাধারণ অপরাধীদের দমনে ‘স্ট্রাইক হার্ড স্ট্রম’ নামের ওই অভিযান শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ সদস্য আরও জানান, ওই অভিযান কবে শেষ হবে তা বলা যাচ্ছে না। তবে তাঁর ধারণা, এটা চলতি মাসের শেষ পর্যন্ত চলতে পারে। ৩ মার্চ লাসায় দেড় হাজারের বেশি অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। স্থানীয় লাসা ইভিনিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চার শতাধিক লোককে ইতিমধ্যে আটক করা হয়েছে। এর মধ্যে মাত্র ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও আনা হয়নি।কমিউনিস্ট পার্টির আঞ্চলিক ডেপুটি সেক্রেটারি ঝাং ইজিওং বলেন, ‘ওই এলাকার সামাজিক স্থিতিশীলতা রক্ষা, সমাজতান্ত্রিক আইনের সুরক্ষা এবং জনগণের মৌলিক স্বার্থরক্ষা, মাতৃভূমির ঐক্যের জন্য আমাদের নিরাপত্তা কর্মকর্তা ও সেনারা একযোগে কাজ করে যাচ্ছেন।’তিব্বত ডেইলির খবরে বলা হয়, পুলিশের নিয়মিত টহল জোরদার হয়েছে। গত বুধবার এলাকাবাসীও একই কথা বলেছে।১৯৫৯ সালের ১০ মার্চ তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে এক অভ্যুত্থান সংঘটিত হয়। চীন সরকার ওই অভ্যুত্থান কঠোর হাতে দমন করে। এরপর ওই অঞ্চলের আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে স্বেচ্ছানির্বাসনে চলে যান। ব্যর্থ ওই অভ্যুত্থানের স্মরণে তিব্বতিরা ২০০৮ সালের মার্চে লাসা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভের ডাক দেয়। ওই সময় চীনা নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত এবং সহস্রাধিক আহত হয়। তবে চীনের দাবি, ওই সময় ‘দাঙ্গাবাজদের’ হাতে ২১ জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর হাতে মাত্র একজন প্রাণ হারান। এএফপি।